স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ১০ গ্রাম হেরোইনসহ বজলুর রহমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৬ জুন রবিবার সন্ধ্যায় শহরের কসবা মোল্লাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বজলুর রহমান স্থানীয় ফজলুর রহমানের ছেলে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর তাকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই শাহীন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের কসবা মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী বজলুর রহমানকে আটক করেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ওই ঘটনায় থানায় মাদক আইনের একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত বজলুর রহমানের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনের আরও একাধিক মামলা রয়েছে।























