নকলায় ঘটনাস্থল পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুইয়া
স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলায় গাছে বেঁধে ডলি খানম (২২) নামে এক অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে বর্বরোচিত নির্যাতনে গর্ভের সন্তান নষ্ট করার চাঞ্চল্যকর মামলায় এবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুইয়া। তিনি ১৩ জুন বৃহস্পতিবার বিকেলে নকলা শহরের কায়দা এলাকার ওই ঘটনাস্থল পরিদর্শনসহ নির্যাতিতা গৃহবধূ ও তার স্বামীসহ স্থানীয়দের সাথে কথা বলেন। সেইসাথে তিনি ওই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং এজাহারনামীয় আসামীদের বাইরেও কারও প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ থাকলে তাদেরকেও দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে আশ্বস্ত করেন। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি। ওইসময় শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এরপর অতিরিক্ত ডিআইজি সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বলেন, এ চাঞ্চল্যকর ঘটনাটি উর্ধ্বতন মহলের নজরে আসার সাথে সাথেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে ইতোমধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)কে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন এবং দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ ও এসআই ওমর ফারুককে শোকজ করা হয়েছে। কাজেই নির্যাতিতা নারীর ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি কারও দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে কারও পার পেয়ে যাবার সুযোগ নেই।
এছাড়া বৃহস্পতিবার প্রায় একই সময়ে জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মীর নেতৃত্বে পরিষদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে নির্যাতিতা গৃহবধূ ও তার পরিবারের লোকজনদের সাথে কথা বলে তাদের পাশে থাকতে আশ্বস্ত করেন। তারা ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারের সাথে সাক্ষাত করে ওই নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। ওইসময় মহিলা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সাবেক কাউন্সিলর নীরু শামছুন্নাহার নীরা, আঞ্জুমান যুথী, আইরিন পারভীন উপস্থিত ছিলেন।
অন্যদিকে আদালতে নির্যাতিতা গৃহবধূর স্বামী শফিউল্লাহর দায়ের করা নালিশী মামলার বিষয়েও ঘটনাস্থল পরিদর্শনসহ জিজ্ঞাসাবাদ করেন জামালপুরের পিবিআইয়ের এসআই মোঃ আশরাফুজ্জামান।
উল্লেখ্য, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নকলা পৌর শহরের কায়দা গ্রামে দরিদ্র কৃষক শফিউল্লাহর স্ত্রী ও স্থানীয় চন্দ্রকোনা কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ৩ মাসের অন্তঃস্বত্ত্বা ডলি খানমকে গত ১০ মে সকালে প্রতিপক্ষের লোকজন গাছে বেঁধে তার যৌনাঙ্গসহ পেটে, বুকে, পিঠে উপুর্যপরি কিল-ঘুষি-লাথির আঘাতে তাকে নিস্তেজ করে ফেলে। সেইসাথে ওই নির্যাতনের ভিডিওচিত্রও ধারণ করে তারা। নির্যাতনের কারণে ডলি খানমের অকাল গর্ভপাত হয়। সোমবার রাতে গৃহবধূকে নির্যাতনের ভিডিওচিত্র ফাঁস হয়ে পড়লে এলাকায় শুরু হয় তোলপাড়।























