স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনী ট্রাইব্যুনালে আইনি লড়াইয়ে জিতে নির্বাচনের ৩ বছর পর শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন আকবর আলী। ২৬ মে রবিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে ২২ মে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট এবং কমিশনের উপ-সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত পত্রের নির্দেশনার আলোকে ২৩ মে তিনি জেলা প্রশাসকের কার্যালয় রজনীগন্ধায় শপথ গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে ইউপি সদস্য ও সচিবসহ স্থানীয় দলীয় ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে আকবর আলী দায়িত্ব গ্রহণের পরপরই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন ইউপি কার্যালয় পরিদর্শন করেন। ওইসময় সদ্য দায়িত্ব গ্রহণকারী চেয়ারম্যান আকবর আলী তার সামনে ইউনিয়ন পরিষদের নানা কার্যক্রম তুলে ধরেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নে লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রউফকে নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী আকবর আলীর সাথে ৪৭ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়। তাতে আব্দুর রউফের প্রাপ্ত ভোট ৭ হাজার ৫৫৭ ও আকবর আলীর ভোট ৭ হাজার ৫১০ দেখানো হয়। এরপর গেজেট প্রকাশ ও দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করতে থাকেন। অন্যদিকে প্রথম থেকেই ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে সংবাদ সম্মেলনসহ দৌড়ঝাপ চালিয়ে যেতে থাকেন নিকটতম ঘোষিত প্রার্থী আকবর আলী। এক পর্যায়ে ভোট কারচুপির কারণে কলুরচর ব্যাপারীপাড়া কেন্দ্র বাতিল ও পুনঃভোটগ্রহণ এবং টাকিমারী ও জঙ্গলদি কেন্দ্রের ভোট পুনঃগণনার দাবিতে শেরপুরের নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন আকবর আলী। মামলাটি বিচারের চূড়ান্ত পর্যায়ে থাকাবস্থায় স্থানীয় প্রভাবশালী মহলের প্রভাব খাটানোর আশঙ্কায় উচ্চ আদালতে বিবাদী আব্দুর রউফের রিট পিটিশনের প্রেক্ষিতে তা ময়মনসিংহ নির্বাচনী ট্রাইব্যুনালে বদলি হয়। সেখানে দু’টি কেন্দ্রের ভোট গণনায় আকবর আলীকে ৮৪ ভোটের ব্যবধানে নির্বাচিত ঘোষণা করেন ট্রাইব্যুনাল এবং নির্বাচন কমিশনকে গেজেট প্রকাশ সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে ওই আদেশের বিরুদ্ধে ময়মনসিংহেই আব্দুর রউফের পক্ষে আপীল করা হলেও বিচারিক ট্রাইব্যুনালের রায় স্থগিত করা হয়নি।























