শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে জাকিয়া বেগম (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ১৩ মে সোমবার রাতে পৌর শহরের কলাকান্দা এলাকায় ওই ঘটনা ঘটে। মৃত গৃহবধূ স্থানীয় আল আমিনের স্ত্রী।
জানা যায়, শ্রীবরদী পৌর শহরের কলাকান্দা এলাকার সোনাহার আলীর মেয়ে জাকিয়া বেগম কয়েকদিন আগে একই গ্রামের তার স্বামী আল আমিনের বাড়ি থেকে বাপের বাড়ি আসে। সোমবার রাতে জাকিয়া বেগম সেচ পাম্পের পানিতে গোসল করতে গেলে বিদ্যুতায়িত হয়। পরে বাড়ির লোকজন তাকে আশংকাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, পরিবারের দেওয়া তথ্য ও প্রাথমিক তদন্তে ঘটনাটি দুর্ঘটনা মনে হওয়ায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
























