স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের নয়ানীবাজারসহ বিভিন্ন এলাকায় ফুটপাত দখলের বিষয়ে শ্যামলবাংলা২৪ডটকমে সচিত্র প্রতিবেদন প্রকাশের প্রেক্ষিতে জেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপের আওতায় এবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শহরের নিউমার্কেট মোড় থেকে শহীদ বুলবুল সড়ক হয়ে বটতলা মোড় ও গোয়ালপট্টি এলাকায় ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। ১৩ মে সোমবার বিকেলে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওন ও অহনা জিন্নাত ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওইসময় শহরের আড়াইআনী পুকুরের পাশে রাস্তা দখল করে ইটের খোয়া রাখা ও শহীদ বুলবুল সড়কের ফুটপাত দখল করে বসা দোকানীদের দ্রুত সময়ের মধ্যে জায়গা ছেড়ে দিতে নির্দেশ দেয়া হয়। এছাড়া ১০ মে নয়ানীবাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নির্দেশনা বাস্তবায়নের বিষয়েও তদারকি করা হয়।
জানা যায়, শহরের ফুটপাত অবৈধভাবে দখলে রেখে ব্যবসা পরিচালনার দায়ে এবং অস্বাস্থ্যকর ইফতার বিক্রির দায়ে ১টি দোকান মালিককে দেড় হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এ ব্যাপারে সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান শাওন শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশে শহরের ফুটপাত দখলমুক্ত করতে ওই অভিযান পরিচালনা করা হয়। জনদূর্ভোগ কমাতে ভ্রাম্যমাণ আদালতের ওই অভিযান অব্যাহত থাকবে।
























