স্টাফ রিপোর্টার ॥ নুসরাত হত্যাসহ সারাদেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা, নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৬ মে সোমবার সকালে শহরের রঘুনাথ বাজারস্থ পৌর টাউন হলের সামনে জেলা মহিলা পরিষদ আয়োজিত ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ-হত্যা-নির্যাতনের ঘটনার দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সেইসাথে শেরপুর জেলায় গত একসপ্তাহে ৫টি ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সংশ্লিষ্টদর প্রতি আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, প্রবীণ রাজনীতিক-শিক্ষাবিদ মুক্তিযোদ্ধা এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, জেলা উদীচী সভাপতি অধ্যাপক তপন সারোয়ার, নাগরিক সংগঠন জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, নারী নেত্রী আইরীন পারভীন, সদর প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি ইশরাত জাহান শম্পা, সহ-সভাপতি আয়শা সিদ্দিকা, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবু আহমেদ খান বাবুল, শিক্ষিকা করুণা দাস কারুয়া প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
























