নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে সিরাজুল ইসলাম (৬৭) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। ১৭ এপ্রিল বুধবার ভোরে উপজেলার ঝাঙ্গালিয়াকান্দা গ্রামে ওই ঘটনা ঘটে। সকালে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
জানা যায়, নালিতাবাড়ী উপজেলার ঝাঙ্গালিয়াকান্দা গ্রামের বাসিন্দা বৃদ্ধ সিরাজুলের স্ত্রী মারা যান প্রায় ৮ বছর আগে। কিছুদিন যাবত তিনি শরীরের একাংশে প্যারালাইসিসে আক্রান্তের পাশাপাশি মানসিকভাবে বিকারগ্রস্ত অবস্থায় ছিলেন। মঙ্গলবার রাত ১১টার দিকে খাবার খেয়ে তিনি নিজ ঘরে শুয়ে পড়েন। পরে বুধবার ভোরে বাড়ির অদূরে একটি কাঁঠাল গাছের ডালে রশিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পরিবারের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।
নালিতাবাড়ী থানার এসআই জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
























