স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা আন্তঃস্কুল শিক্ষা বিতর্ক প্রতিযোগিতায় ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়েছে। ১৪ এপ্রিল রবিবার বিকেলে জেলা প্রশাসন ও ভিক্টোরিয়ান ক্লাবের উদ্যোগে তুলসীমালা কম্পিউটার ল্যাব কাম ট্রেনিং সেন্টারে আয়োজিত ওই বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, এনডিসি মেজবাউল আলম ভুইয়া, সহকারী কমিশনার (আইসিটি) ও ভিক্টোরিয়ান ক্লাবের মেন্টর মোস্তাফিজুর রহমান শাওন, ভিক্টোরিয়া একাডেমীর প্রধান শিক্ষক মোঃ রেজুয়ান, সাংবাদিক মহিউদ্দিন সোহেল, বিতার্কিক এমদাদুল হক রিপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
‘কম্পিউটার মনিটর নয়, প্রয়োজন লাইব্রেরীর ধুলো পড়া বই এর’ বিষয়ক বিতর্কের পক্ষে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয় অংশ নেয়। যুক্তি-পাল্টা যুক্তিতে প্রতিযোগিতাটি বেশ রোমাঞ্চকর হয়ে উঠে। ফাইনালে সেরা বিতার্কিক নির্বাচিত হন ইসরাত জাহান মিতা ও প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হন তাসমিন রহমান রাদিয়া।
বিতর্ক প্রতিযোগিতার স্পন্সর হিসেবে ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন, ব্র্যাক, ব্যবসায়িক প্রতিষ্ঠান জে এন্ড এস গ্রুপ ও সিগনেচার স্ট্যাটাস। বিতর্ক প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে ছিল জাতীয় দৈনিক সময়ের আলো ও স্থানীয় নিউজপোর্টাল শেরপুরটাইমসডটকম।
























