নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ দখলে রাখা ২টি সরকারি খাস পুকুর উদ্ধার করা হয়েছে। ১৭ মার্চ রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে স্থানীয় কাকরকান্দি ইউনিয়নের ২ একর আয়তনের দরগাদিঘী ও রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাষি গ্রামের প্রায় ৪ একর আয়তনের মায়াঘাষি পুকুর দখলমুক্ত করা হয়। ওই সময় নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা লুবনা শারমিন উপস্থিত ছিলেন।
জানা যায়, নালিতাবাড়ী উপজেলার সরকারি খাস পুকুর ২টি দীর্ঘদিন যাবত প্রভাবশালী অসাধু ব্যক্তিরা দখল করে মাছচাষ করে আসছিলেন। রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও ভূমি অফিস যৌথভাবে অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ওই ২টি পুকুর থেকে মাছ ধরে প্রায় ১০ হাজার টাকার মাছ বিক্রি করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে। আর কিছু মাছ স্থানীয় গরিব অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসন আগামী বাংলা ১৪২৬ সনের জন্য ওই পুকুর ২টি ইজারা দেয়ার জন্য দরপত্র আহবান করেছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, প্রভাবশালীদের ছত্রছায়ায় কতিপয় অসাধু ব্যক্তি উপজেলার বেশ কয়েকটি সরকারি পুকুর অবৈধভাবে ভোগদখল করে আসছিল। ওইসব পুকুর অবৈধ দখলদারের হাত থেকে উদ্ধারের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দরগাদিঘী ও মায়াঘাসি গ্রামের পুকুরটি রবিবার উদ্ধার করা হয়েছে। ওই পুকুরের মাছ প্রায় ১০ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে। এছাড়া স্থানীয় গরিব অসহায়দের খাবার জন্য কিছু মাছ বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারি পুকুর কেউই অবৈধভাবে দখল করে রাখতে পারবে না। ওইসব পুকুর উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।























