রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে শেরপুরের শ্রীবরদী উপজেলার নির্বাচন। প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েই মাঠ দখলে ব্যাপক তোড়জোর চালাচ্ছেন। এতে বদলে যাচ্ছে নির্বাচনী মাঠের দৃশ্যপট। শহর থেকে গ্রামের দর্শনীয় স্থানগুলোতে পোস্টারে পোস্টারে ছেয়ে যাচ্ছে। চলছে প্রার্থীর পক্ষে নানা ছন্দ আর গানে গানে মাইকিং। সকাল থেকে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। অনুষ্ঠিত হচ্ছে উঠান বৈঠক। চায়ের স্টল আর আড্ডাগুলোতে ঝড় উঠছে প্রার্থীদের নিয়ে। সময় যতই গড়াচ্ছে, ততই জমে ওঠেছে নির্বাচনী মাঠ। নির্বাচনী পরিবেশ হচ্ছে উৎসবমুখর। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৫ জন। নির্বাচনী মাঠে এখন আওয়ামী লীগের প্রতিপক্ষ বিদ্রোহীরা।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন খোকা নৌকা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য ও কেকেরচর ইউনিয়নের পদত্যাগী চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম মোটর সাইকেল, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল আনারস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন দোয়াত-কলম, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ সোহাগ ঘোড়া, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি পারভেজ সরোয়ার আলম কাপ-পিরিচ এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী প্রকৌশলী ইকবাল আহসানের লাঙ্গল ও বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট এরশাদুল আলম জজ হেলিকপ্টার প্রতীক নিয়ে লড়ছেন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আকন্দ উড়োজাহাজ, ব্যবসায়ী নেতা বিল্লাল হোসেন গ্যাস সিলিন্ডার, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান বই, এমরুল কায়েস তালা-চাবি, ফরিদ আহমেদ নিলু টিয়া পাখি, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মাইক, যুবলীগ নেতা খন্দকার মোহাম্মদ শামীম রানা পালকি, গোলাম মোস্তুফা চশমা, ফারুক হোসেন শ্যামল টিউবওয়েল ও আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান বাল্ব প্রতীক নিয়ে লড়ছেন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম ফুটবল, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবিনা আকতার লিমা হাঁস ও ও জাহানারা বেগম জলি কলসি প্রতীক নিয়ে লড়ছেন।
প্রতীক পেয়েই প্রার্থীরা মোটর সাইকেল বহর নিয়ে শোডাউন করে জানান দেন উপজেলার শহর ও গ্রামাঞ্চলে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা যুবলীগের আহবায়ক চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম জুয়েলের (আনারস প্রতীক) সমর্থকদের উদ্যোগে পৌর শহরের উত্তর বাজার এলাকায় অনুষ্ঠিত হয় উঠান বৈঠক। এতে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ওবায়দুল হক খায়ের মুন্সী। সভায় বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে। অপর দিকে একই সময়ে সাবেক কেকেরচর ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য চেয়ারম্যান প্রার্থী এডিএম শহীদুল ইসলামের সমর্থকেদের উদ্যোগে কুড়িকাহনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় উঠান বৈঠক। এতে সভাপতিত্ব করেন কুড়িকাহনীয় উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুস সালাম। সভায় বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে। ইঞ্জিনিয়ার ইকবাল আহসানের সমর্থকদের উদ্যোগে ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ওঠান বৈঠক। এতে সভাপতিত্ব করেন সাবেক শিক্ষক আলহাজ্ব আজিজুর রহমান। এছাড়াও অন্যান্য প্রার্থীরা খন্ড খন্ড মিছিল. ওঠান বৈঠক ও গণসংযোগ করেন। এতে জমে ওঠে ঝিমিয়ে থাকা নির্বাচনী মাঠ।
উপজেলা আওয়ামীলীগ সূত্র জানায়, দলের প্রতি আনুগত্যহীনতা ও দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে উপজেলা আওয়ামীলীগের সদস্য পদ থেকে অব্যহতি দেন উপজেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম ও সহ সভাপতি আব্দুল মতিন, কেকেরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক দুলাল আল জাহানকে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফ হোসেন খোকা ও সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনের গত ৮ মার্চ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য পাওয়া যায়।
























