স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মোটরসাইকেল-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তাজেল মিয়া (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত এবং আরওা দুইজন আহত হয়েছে। ৮ মার্চ শুক্রবার দুপুরে সদর উপজেলার কানাশাখোলা বটতলা বাজারে ওই দুর্ঘটনা ঘটে। নিহত তাজেল সদর উপজেলার ছনকান্দা গ্রামের দুদু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার্থী তাজেল ও তার দুই বন্ধু পাবেল ও রাসেল মোটরসাইকেলযোগে শেরপুর শহরে যাওয়ার পথে কানাশাখোলা বটতলা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তাজেল। পরে আহত অবস্থায় ওই দুই বন্ধুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। তবে ঘটনার পরই দ্রুত পালিয়ে যায় মাইক্রোবাসটি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
























