স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শেরপুর জেলার ৫ শ্রেষ্ঠ জয়িতার হাতে সম্মাননার ক্রেষ্ট ও ফুল তুলে দিলেন নৌ-পরিবহন সচিব মো. আবদুস সামাদ। ৮ মার্চ শুক্রবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে নারী দিবসের আলোচনা সভা শেষে তিনি ওই সম্মাননা প্রদান করেন। তারা হলেন উন্নয়নে অবদান রাখার জন্য শ্রীবরদীর মিনুআরা মাহমুদ, এসিড সন্ত্রাসের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করা শেরপুর শহরের জোসনা বেগম, স্বাবলম্বী নারী আইরিন পারভীন, ঝিনাইগাতীর সফল জননী রোকেয়া খাতুন ও শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য পাওয়া তৃষ্ণা আগাথা। নৌ-পরিবহন সচিব প্রধান অতিথির বক্তব্যে নারীদের উদ্দেশ্যে বলেন, শুধু চাকুরীর চিন্তা না করে আপনারা নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন। পৃথিবী আপনার জন্য অফুরন্ত সম্ভবনা নিয়ে দাঁড়িয়ে আছে। যশোরের মারজান আহমেদের উদাহরণ টেনে সচিব আরও বলেন, মারজান মাত্র ২৫ বছর বয়সে বিশ্বের ১০ জন ফ্রিল্যান্সারের মধ্যে একজন। সে এখন ২০ কোটি টাকার মালিক।
জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীর, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামসুন্নাহার কামাল, জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জাহান শাপলা প্রমুখ।
পরে সচিব ডিসি উদ্যানে ফিতা কেটে দু’দিনের নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন এবং মেলায় স্থাপিত ষ্টল পরিদর্শন করেন।
























