নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী মহাসড়কের সন্নাসীভিটা এলাকায় সিএনজিচালিত অটোরিক্সা চাপায় চাঁন মিয়া (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। ৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া পাঁচগাঁও ডহরিয়াপাড়া গ্রামের মৃত কুদরত আলী মাষ্টারের ছেলে।
জানা যায়, নিহত চাঁন মিয়া বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে নিজ বাড়ি থেকে পাঁচগাঁও বাজারে যাওয়ার জন্য রওয়ানা দেন। পথিমধ্যে সন্নাসীভিটা এলাকায় পৌছে রাস্তা পার হওয়ার সময় পিছন দিক নালিতাবাড়ী থেকে শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিক্সা চাঁন মিয়াকে চাপা দিয়ে চলে যায়। ওইসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কিছুক্ষণ পর তিনি মারা যান।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান মামুন বলেন, চাঁন মিয়া মাথায় প্রচন্ড আঘাত পেয়েছিলেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তিনি মারা গেছেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
























