ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদের অফিসিয়াল মোবাইল ফোন নম্বর (০১৭৮৪০৯০৮০৬) ‘ক্লোন’ করে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাদের নিকট বিকাশের মাধ্যমে প্রতারণার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ‘ইউএনও ঝিনাইগাতী শেরপুর’ নামে উপজেলা নির্বাহী কমকর্তার অফিসিয়াল ফেসবুক আইডিতে ৪ মার্চ সোমবার রাতে একটি স্ট্যাটাসে মোবাইল ফোন নম্বর ‘ক্লোন’ হওয়ার কথা জানিয়ে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান রুবেল মাহমুদ।
এ ব্যাপারে বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, মুঠোফোন নম্বর ‘ক্লোন’ হওয়ার বিষয়টি জানার পরেই তাৎক্ষণিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছি। এছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ইউএনও মহোদয় বিষয়টি জানিয়েছেন। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
























