স্টাফ রিপোর্টার ॥ শেরপুর ও জামালপুর জেলার পুষ্টির অভাবে দূর্বল মা ও শিশুদের উন্নত পুষ্টি অবস্থার উন্নয়নেকল্পে পুষ্টি নিরাপত্তা উন্নতিকরণ প্রকল্প (বিংগস) নামে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় স্থানীয় জনসাধারণ, বেসরকারি পুষ্টি অংশীদার এবং পুষ্টি কার্যক্রমের সমর্থনকারীদের মাধ্যমে আন্ত:সমন্বয় ঘটিয়ে শিশুদের খর্বায়ন, বয়সের তুলনায় উচ্চতা এবং উচ্চতার তুলনায় কম ওজন সম্পর্কিত সমস্যা কমানো সম্ভব হবে। এছাড়া শিশু পরিচর্যাকারি, ৫ বছরের নিচের শিশু, গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী ও কিশোরীদের পুষ্টি ও স্বাস্থ্যকর অভ্যাসের উন্নয়ণ ঘটানো হবে। ২৭ ফেব্রুয়ারি বুধবার দুপুরে শেরপুর জেলা প্রশাসেকর সম্মেলন কক্ষে প্রকল্প অবিহতকরণ সভায় এমন তথ্য জানানো হয়।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ বিংগস প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০২৩ সালে ৩১ মার্চ পর্যন্ত ৫৪ মাসব্যাপী এ প্রকল্পের মাধ্যমে শেরপুর ও জামালপুর জেলার পুষ্টিগতভাবে ঝুঁকিপূর্ণ ৬ উপজেলার (শেরপুর সদর, শ্রীবরদী, ঝিনাইগাতী, জামালপুর সদর, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলা) ১ লাখ ৫৩ হাজার ৮২৫টি পরিবার উপকৃত হবে। প্রকল্পের মাধ্যমে ৮ হাজার ৮৪৬ জন প্রতিবন্ধি শিশু সহ ১ লাখ ৭৬ হাজার ৯১৪ জন পাঁচ বছরের নীচের বয়সের শিশু এবং ৬ হাজার ৮০৪ জন প্রতিবন্ধি কিশোরী, ৪ হাজার ৭২০ জন প্রতিবন্ধি নারী সহ ৯৬ হাজার ৪১৮ জন গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীর পুষ্টি স্থিতিশীলতার উন্নয়ন ঘটবে বলে জানান প্রকল্প ব্যবস্থাপক মো. আবু সুফিয়ান।
উন্নয়ন সংষের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল প্রধান অতিথি এবং সিভিল সার্জন ডা. মো. রেজাউল করিম ও পরিবার-পরিকল্পনা উপ-পরিচালক ডা. পীষুষ কান্তি সূত্রধর বিশেষ অতিথি ছিলেন। উন্নয়ন সংঘের পরিচালক মো. জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় স্টেকহোল্ডাররা বক্তব্য রাখেন। সরকারি-বেসরকারি বিভিন্ন বিভাগের জেলা পর্যায়ের কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা বিভাগের মাঠকর্মী, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মীসহ শতাধিক সুধীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
























