স্টাফ রিপোর্টার ॥ ‘আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে সরকারি দপ্তরে সেবা ও সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে সমস্যাদি শ্রবণ ও নিস্পত্তি, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে দুদকের মহাপরিচালক সারোয়ার মাহমুদ বলেন, জনবান্ধব সেবা ব্যবস্থা বা সরকার ব্যবস্থা এখন সময়ের দাবী। মানুষকে সেবা দেওয়া আমাদের কাজ। তাদের ভোগান্তি দেওয়া আমাদের কাজ নয়। তিনি আরও বলেন, গত ১০বছরে আমাদের প্রবৃদ্ধি, আমাদের উন্নতি চোখে পড়ার মত। এ অবস্থাকে ধরে রাখতে হলে আমাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে গণশুনানীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক আখতার হোসেন, দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক মো. মনিরুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট নারায়ণ চন্দ্র হোড় প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন।
গণশুনানীতে জেলার খাল-বিল দখল হয়ে যাওয়া, জমি খারিজ করতে হয়রানী, জেলা সদর হাসপাতালে চিকিৎসা সেবায় হয়রানী, পল¬ী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানী ও দালালদের দৌরাত্ব্য, শিক্ষা অফিসে ঘুষ দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয় এবং অভিযোগগুলোর নিস্পত্তি করা হয়।
এতে ভূমি অফিস, হিসাবরক্ষণ অফিস, সাব রেজিস্ট্রি অফিস, জরিপ অফিস, পল্ল¬ী বিদ্যুৎ সমিতি, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা সদর হাসপাতালসহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। তিন শতাধিক নাগরিকের উপস্থিতিতে এদিন ৩৪টি অভিযোগের শুনানী হয়।
























