স্টাফ রিপোর্টার ॥ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও ভাষা সৈনিক পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে ডিসি উদ্যান চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি।
জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম-সেবা, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন ও হুইপ পত্নী শান্তা রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী। সহকারী কমিশনার মেজবাউল আলম ভুইয়ার সঞ্চালনায় আলোচনা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক শিব শঙ্কর কারুয়া শিবু, মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, ভাষা সৈনিক পরিবারের সদস্য সৈয়দ আব্দুস সবুর, সাবিহা জামান শাপলা, এডভোকেট নূর উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে ভাষা সৈনিক পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন হুইপ আতিক। পরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের মাঝে চিত্রাংকন, আবৃত্তি, রচনা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এবং দেয়ালিকা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
























