স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুব। ওইসময় তিনি ভেজালবিরোধী অভিযান জোরদার এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য গুরুত্বারোপ করেন। সেইসাথে সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় সন্তোষ প্রকাশ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ছারওয়ার জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, শ্রীবরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আসাদুজ্জামান রওশন, শহর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু, সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতি প্রমুখ। ওইসময় জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
























