স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, ৪ বারের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে। উন্নয়নের ওই গতি চলমান ও অসাম্প্রদায়িক চেতনা অক্ষুন্ন রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। আর এজন্য আসন্ন নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে দলীয় নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করে আবারও বিজয় নিশ্চিত করতে হবে। তিনি ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুর-১ (সদর) আসনের নির্বাচন উপলক্ষে শহরের পৌর অডিটোরিয়ামে শহর আওয়ামী লীগের কার্যকরী পরিষদ, ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৩১টি কেন্দ্র কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-১ আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্তের সঞ্চালনায় সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন ও মিনহাজ উদ্দিন মিনাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























