স্টাফ রিপোর্টার ॥ দলীয় মনোনয়ন চূড়ান্ত করা না হলেও ইতোমধ্যে শেরপুরের ৩টি আসন থেকে আওয়ামী লীগ ও বিএনপির ৬ নেতাসহ ৯জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ২০ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত জেলা নির্বাচন অফিস থেকে ওইসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
জানা যায়, জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী, জেলা আওয়ামী লীগের সভাপতি, বর্তমান সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক, সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কারাবন্দি আলহাজ্ব মোঃ হযরত আলী, তার কন্যা ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ও ইসলামী আন্দোলনের এডভোকেট মতিউর রহমান, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সচিব ব্যারিষ্টার এম হায়দার আলী, কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন ও ইসলামী আন্দোলনের আব্দুস সাত্তার।
জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিয়া জানান, ২৮ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা রয়েছে। জমা দেওয়ার সময়সীমা শেষ হলে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে প্রার্থীরা বিল ও ঋণ খেলাপী আছে কি-না তা যাচাই-বাছাই করে ২ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে। এরপর ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ শেষ হলে ১১ ডিসেম্বর থেকে প্রচারণা শুরু হবে।
উল্লেখ্য, শেরপুরের ৩টি নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগের ৩৭ জন এবং বিএনপির ১২ জন ও জাতীয় পার্টির ৫ জনসহ অন্যান্য দলের আরও অন্ততঃ ৫জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেও এখন পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপিসহ কোন দলেরই প্রার্থী চূড়ান্ত করা হয়নি। এরপরও অন্যান্য প্রার্থী বা তার প্রতিনিধিরা নীরবে জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও মঙ্গলবার দুপুরে শেরপুর-১ (সদর) আসন থেকে হুইপ আতিউর রহমান আতিকের পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি এক ঝাঁক দলীয় নেতা নিয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন।
























