স্টাফ রিপোর্টার ॥ অবমূল্যায়নের প্রতিবাদে ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে উদ্বোধনী পর্বের দ্বিতীয় দিনের অনুষ্ঠান বয়কট করেছেন স্থানীয় সাংবাদিকরা। ১৮ নভেম্বর রবিবার সন্ধ্যায় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে আয়োজিত দ্বিতীয় দিনের আলোচনা ও গুণীজন সংবর্ধনাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান বয়কট করা হয়। এরপর রাতে প্রেসক্লাবে আয়োজিত নির্বাহী পরিষদের এক জরুরি সভায় ওই ঘটনায় নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়। সেইসাথে উদ্ভুত অবস্থায় আগামী ২২ নভেম্বরের মধ্যে পৌর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে তাদের সংবাদ বর্জনসহ পরবর্তী কর্মসূচী গ্রহণ করা হবে বলেও ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে ওই তথ্য জানানো হয়।
প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ শরিফুর রহমানের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিনসহ ২১ সদস্যের নির্বাহী পরিষদের ১৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এদিকে সোমবার সকালে শেরপুর পৌরসভার প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল জানান, একটি বিশাল অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে কিছু ত্রুটি-বিচ্যুতি থেকে যাওয়াটা অস্বাভাবিক নয়। অনুষ্ঠানটি সফল করতে স্থানীয় সাংবাদিকরা বিশাল ভূমিকা পালন করেছেন। তাই তাদের মূল্যায়নের ক্ষেত্রে কিছু ঘাটতি হয়ে থাকলেও সেটা কোনভাবেই ইচ্ছাকৃত নয়। তদুপরি বিষয়টি অনুধাবন করতে পেরেই পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের কর্মকর্তাদের নিয়ে বসার উদ্যোগ নিয়েছেন। আশা করি এর মধ্য দিয়ে আমরা সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারব।
























