স্টাফ রিপোর্টার ॥ আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে ২ দিনব্যাপী প্রারম্ভিক উৎসব। ১৮ নভেম্বর রবিবার রাতে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এতে প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পঙ্কজ কুমার পাল ও ঢাকাস্থ শেরপুর সদর উপজেলা সমিতির যুগ্ম আহবায়ক আলী ইমাম ফুয়াদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ আব্দুল হান্নান, সাবেক পৌর চেয়ারম্যান লুৎফর রহমান মোহন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মতিউর রহমান মতি, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, প্রয়াত বিপ্লবী রবি নিয়োগীর কন্যা মঞ্জুশ্রী নিয়োগী, প্রয়াত অধ্যক্ষ এস জাহানারা ওয়াজেদের ছেলে কৃষিবিদ মুজাহিদ নোমানী প্রমুখ। সভায় বক্তারা শেরপুরের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার জন্য আহবান জানান। একইসঙ্গে অনতিবিলম্বে জেলা সদরে রেলপথ, মেডিকেল কলেজ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন ও শেরপুর-ময়মনসিংহ মহাসড়ককে ৪ লেনে উন্নীত করার জন্য সরকারের নিকট দাবি জানান।
আলোচনা সভা শেষে সাবেক পৌর চেয়ারম্যান, মেয়রসহ মুক্তিযুদ্ধ, শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য জেলা শহরের ৫৮ জন গুণী ব্যক্তিকে পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান ও সম্মাননা হিসেবে ক্রেস্ট দেওয়া হয়। তাদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশই পেয়েছেন মরণোত্তর সম্মাননা। পরে শেরপুরের স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
উল্লেখ্য, ১৭ নভেম্বর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে ৬ মাসব্যাপী উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। ১৮৬৯ সালের ১ এপ্রিল শেরপুরের তৎকালীন নয়আনী জমিদারের উদ্যোগে প্রতিষ্ঠিত শেরপুর পৌরসভার প্রথম প্রশাসক ছিলেন টি এ ডনো।
























