স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় এবার শেরপুরের আদালতে সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকার সমপরিমাণ ক্ষতির মানহানির মামলা হয়েছে। ২৮ অক্টোবর রবিবার দুপুরে জেলা যুব মহিলা লীগের আহবায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদ মামলাটি আমলে নিয়ে আগামী ২০ নবেম্বর আসামি ব্যারিস্টার মইনুল হোসেনকে আদালতে স্ব-শরীরে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন।
আদালতে বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। তাকে সহায়তা করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবুল মানসুর স্বপন, সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানীসহ বেশ কয়েকজন আইনজীবী।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, গত ১৬ অক্টোবর রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টেলিভিশনের টকশো ‘৭১ জার্নাল’ প্রচারিত হবার সময় ব্যারিস্টার মইনুল হোসেন ওই টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় সমগ্র নারী জাতি অপমানিত হয়েছে এবং নারীদের মানহানিসহ চরিত্রহননের অপচেষ্টা করা হয়েছে। তাই ব্যারিস্টার মইনুল হোসেনের বক্তব্যে সংক্ষুব্ধ হয়ে আদালতে ওই মানহানি মামলা দায়ের করেছেন বাদী।























