স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন সাধনে সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি বিনামূল্যে হতদরিদ্র মানুষের আইনগত সহায়তা নিশ্চিত করতে এনজিওগুলোর প্রতি সহযোগিতামূলক ভূমিকা রাখার আহবান জানানো হয়েছে। ২১ অক্টোবর রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত জেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভায় ওই আহবান জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল। তিনি সম্প্রতি জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুবের সাথে জেলা আইনজীবী সমিতির কর্মকর্তাদের এক মতবিনিময় সভার সূত্র উল্লেখ করে ওই আহবান জানিয়ে বলেন, মাঠ পর্যায়ের হতদরিদ্র মানুষকে জেলা বা উপজেলা লিগ্যাল এইড অফিসে যাওয়ার পরামর্শ বা পাঠানোর ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়েই সেই সহযোগিতা করা যেতে পারে। আর হতদরিদ্র মানুষের ক্ষেত্রে এনজিওগুলোর জন্য এটিই হতে পারে একটি অন্যতম সেবা।
সভায় প্রতিটি এনজিও পর্যায়ে বাল্যবিবাহরোধে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধ কার্যক্রম গ্রহণ, দরিদ্র যুব সমাজের জীবন মান উন্নয়নে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং ও মোবাইল ফোন মেরামতকরণসহ তথ্য-প্রযুক্তিভিত্তিক কর্মকা-ে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণসহ চলমান সামাজিক সমস্যা, মাদক, ধুমপান, যৌতুক ও অপুষ্টি প্রতিরোধে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। সেইসাথে আরও গুরুত্বারোপ করা হয় প্রতিমাসে প্রেজেন্টেশন প্রদান, বছরভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ ও কর্মপরিকল্পনার মাসভিত্তিক অগ্রগতি প্রতিবেদন দাখিলের উপর।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। সহকারী কমিশনার মেজবাউল আলম ভূইয়ার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন, জেলা সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী নিজামুল ইসলাম, ব্র্যাকের জেলা প্রতিনিধি আতাউর রহমান, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার লিমা হাংগিদারি, সবুজবাংলার নির্বাহী পরিচালক সালাউদ্দিন আলিম, স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুক প্রমুখ।























