স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলাসহ জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসনের তরফ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে প্রেসক্লাবের বিদায়ী সভাপতি রফিকুল ইসলাম আধারকে। ২১ অক্টোবর রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল। ওইসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, একাধারে প্রেসক্লাব ও বারের সভাপতি হয়েও রফিকুল ইসলাম আধার জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছে। আপাদমস্তক একজন ভালো মানুষ বলেই তার কাছ থেকে প্রশাসন ওই সহযোগিতা পাচ্ছে। এটি এক অন্যরকম দৃষ্টান্ত। শুভেচ্ছা স্মারক তার কাজের ক্ষুদ্র মূল্যায়ন ও স্বীকৃতি।
শুভেচ্ছা স্মারক গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক ও সাপ্তাহিক দশকাহনীয়ার ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম আধার জানান, নিরাপদ ও নান্দনিক শেরপুর গড়ার ক্ষেত্রে প্রশাসন, জনপ্রতিনিধি বা স্বায়ত্বশাসিত ও বেসরকারি কোন প্রতিষ্ঠানের তরফ থেকে যখনই কোন উদ্যোগ নেওয়া হয়, সেই উদ্যোগেই মিডিয়া কভারেজসহ অকৃপণ সহযোগিতা করাটা আমার মজ্জাগত অভ্যাসই বলা যায়। সবার ডাক পাওয়াটাই ভালোবাসা ও স্বীকৃতির বহিঃপ্রকাশ। এরপরও জেলা প্রশাসনের স্বীকৃতি এক ভিন্ন অনুভূতি।
শুভেচ্ছা স্মারক গ্রহণকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মেজবাউল আলম ভূইয়া, সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন, জেলা সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী নিজামুল ইসলাম, ব্র্যাকের জেলা প্রতিনিধি আতাউর রহমান, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার লিমা হাংগিদারি ও স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুকসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণও রফিকুল ইসলাম আধারকে নানা সহযোগিতার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।























