ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘আমার সংস্কৃতি-আমার অহংকার’ এ মূল সুরকে ধারণ করে শেরপুরের ঝিনাইগাতীতে আদিবাসী গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা (নবান্ন) উৎসব উদযাপিত হয়েছে। ১৯ অক্টোবর শুক্রবার উপজেলার নকসী গ্রামে মরিয়মনগর ওয়াইএমসিএ ও উপজেলা বাগাছাস দিনব্যাপী ওই অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল ১০টায় আরম্ভ হওয়া ওয়ানগালা উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। ওইসময় তিনি গারো আদিবাসীদের এমন ঐতিহ্য ও সংস্কৃতি চর্চায় উৎসাহ প্রদান করে ঐতিহ্যবাহী এই সংস্কৃতিকে নতুন প্রজন্মকে চর্চা করার আহবান জানান। নকসী ওয়ানগালার আহবায়ক প্রণালী রংমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিডব্লিউএ ঝিনাইগাতী উপজেলা শাখার চেয়ারম্যান নবেশ খকসী, সেক্রেটারী অসীম ম্রং, সাংবাদিক রফিক মজিদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন নকসী গ্রামের নবীন রংমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পবিত্র ম্রং ও অনিক চিরান।

অতিথিদের আসন গ্রহনের পর থক্কা অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। ওয়ানগালার খামালের দায়িত্ব পালন করেন প্রভাত কুবি। ওয়ানগালার বিভিন্ন আচার অনুষ্ঠান প্রদর্শন করা হয়। মরিয়মনগর থেকে আগত সাংস্কৃতিক দলের মনোজ্ঞ পরিবেশনা, নকসী গ্রামের দলীয় পরিবেশনা এবং ছোট গজনী গ্রামের আজিয়া, রেরে, সেরেনজিং পরিবেশনা উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখে। প্রায় ৫ শতাধিক দর্শক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।























