ময়মনসিংহ বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শেরপুরে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও রেললাইন স্থাপনের দাবি জানালেন আধার

খবর টি পড়েছেন : ৪৪১
ময়মনসিংহ বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শেরপুরে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও রেললাইন স্থাপনের দাবি জানালেন আধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার ৩ বছর পূর্তি উপলক্ষে জেলা নাগরিক আন্দোলন আয়োজিত আলোচনা সভায় শেরপুরে দ্রুত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও রেললাইন স্থাপনসহ অর্থনৈতিক জোন, শেরপুর-ময়মনসিংহ সড়ককে ফোর লেন, সীমান্তবর্তী গারো পাহাড়কে পর্যটন এলাকায় উন্নীত ও সিজেএম আদালত ভবন নির্মাণ এবং সুষম উন্নয়ন কর্মকা- বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন শেরপুর জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার। ১৩ অক্টোবর শনিবার বিকেলে ময়মনসিংহ পৌরসভা হলরুমে আয়োজিত আলোচনা সভায় অতিথি আলোচকের বক্তব্যে তিনি ওই দাবি তুলে ধরেন। ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের গত এক দশকে শেরপুরে সড়ক যোগাযোগসহ বিভিন্ন খাতে নজরকাড়া উন্নয়ন হলেও এ জেলায় আজও বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়নি। আজও স্থাপন করা হয়নি রেললাইন। অথচ কেবল ময়মনসিংহে নয়, বিভাগের অপর দু’টি জেলা জামালপুর ও নেত্রকোণাতেও এখন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই বৈষম্য আর দ্বন্দ্ব- যে কারণেই হোক, দ্রুত তা পরিহার করে শেরপুরে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও রেললাইন স্থাপন করতে হবে। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনাসহ বিভাগ আন্দোলনের নেতাদের সহযোগিতা কামনা করেন।
ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্তকারী কর্মকর্তা (আইজিপি পদমর্যাদা) বীর মুক্তিযোদ্ধা মুহা. আবদুল হান্নান খান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা গণফোরাম সভাপতি অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বিভাগ বাস্তবায়ন পরিষদের সহ-সভাপতি কর্ণেল (অব.) নূর খান, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, নেত্রকোণা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম দুদু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন। অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশ নেন।
পরে ময়মনসিংহ বিভাগ উন্নয়ন পরিষদ নামে একটি সংগঠন ও তার কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়। এতে অ্যাডভোকেট আনিসুর রহমান খানকে সভাপতি ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আবুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ওই কমিটিতে অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধারকে যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। ওই কমিটির প্রথম সভা শেরপুরে অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ব্রিধান ৭৫’র মাঠ দিবস অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে ৫শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads