নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)’র রোপা আমন ২০১৮ মৌসুমে ব্রি ধান-৭৫ এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর শুক্রবার বিকেলে ব্রি’র ফলিত গবেষণা বিভাগের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নকলা কৃষি অফিসের সহযোগিতায় পৌর এলাকার কুর্শা গ্রামের কৃষক লিয়াকত আলীর বাড়ীর আঙ্গীনায় ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রি’র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর।
শেরপুর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ওই মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, ব্রি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আতিকুল ইসলাম, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হুমায়ুন কবীর ও কৃষক মন্নাফ খা।
উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ হুমায়ুন কবীরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান আতিক, বৈজ্ঞানিক সহকারী মো. সোহান ও মো. রহুল আমীন, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যান সংস্থার সভাপতি মোশারফ হোসেন, উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগনসহ দুই শতাধিক স্থানীয় কৃষক-কৃষাণি ও বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) গাজীপুরের উদ্ভাবিত ব্রি ধান-৭৫ এর চাষ ও উৎপাদন কৌশলসহ বিভিন্ন সুবিধা সম্পর্কে বক্তারা বিস্তারিত আলোচনা করেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর জানান, নকলায় ব্রি ধান-৭৫ এর উৎপাদন পাওয়া গেছে হেক্টর প্রতি কমবেশি ৫.৪০ মেট্রিকটন। ওই ধানের বিশেষ সুবিধা উল্লেখ করতে গিয়ে তিনি জানান, ওই ধান স্বল্প জীবনকাল সম্পন্ন (১০৭ দিন থেকে ১১০ দিন)। ব্রি ধান-৭৫ কাটার পরে কৃষকরা অনায়াসে শীতকালীন শাক সবজী চাষ করতে পারেন। ফলে একই জমিতে দুই ফসল পাওয়ায় কৃষকরা অধিক লাভবান হবেন।























