স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়ার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ২৩ সেপ্টেম্বর রবিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। রাজিয়া সামাদ ডালিয়া জন্মদিবস উদযাপন পরিষদ ওইসব অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন্মদিবস উদযাপন পরিষদের আহবায়ক এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু।
জন্মদিবস উদযাপন পরিষদের পক্ষ থেকে রাজিয়া সামাদকে সম্মাননা হিসেবে উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়। পরে শেরপুর ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, নাগরিক সংগঠন জন-উদ্যোগ, মুক্তিসংগ্রাম পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর হাতে ফুলের তোড়া, ক্রেস্ট, জন্মদিনের স্মারকসহ বিভিন্ন উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উদযাপন পরিষদের সদস্য সচিব শিবশঙ্কর কারুয়া, মুক্তিসংগ্রাম যাদুঘরের ট্রাস্টি হিল্লোল সরকার, আওয়ামী লীগের প্রবীণ নেতা মুহাম্মদ আখতারুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, নারী নেত্রী জয়ন্তী রায়, আঞ্জুম আলম, আইরিন পারভীন, মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এডভোকেট শক্তিপদ পাল, মানবাধিকার কর্মী শামীম হোসেন, জন-উদ্যোগের সভাপতি আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, নবনির্বাচিত সভাপতি শরিফুর রহমান প্রমুখ।
এদিকে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও প্রেসক্লাবের বিদায়ী সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা কমিউনিটি পুলিশ ফোরামের সদস্য সচিব দেবাশীষ ভট্টাচার্য বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়ার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।























