স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নিরাপদ সড়কের জন্য নাগরিক কর্তব্য বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং বিআরটিএ ও নাগরিক সংগঠন জনউদ্যোগের সহায়তায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন। ওইসময় বক্তারা সকলের সচেতনতা-বিবেককে সবার আগে প্রাধান্য দিয়ে যান চলাচল এবং চালক ও হেলপারদের সাবধানতা অবলম্বন করার জন্য নির্দেশনা দেন। কর্মশালায় উপস্থিত সবার হাতে হাতে একটি করে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে নাগরিকদের দায়িত্ব সম্বলিত হ্যান্ডবিল প্রদান করা হয়। পরে বিআরটিএ’র পক্ষ থেকে কয়েকটি ট্রাফিক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়।
দ্বিতীয় অধিবেশনে মোটরযান চালক, মোটরযান শ্রমিক, গণপরিবহন মালিক, পরিবহন শ্রমিক, স্কাউট, গার্লস গাইডসহ সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় গাড়ির গতিবেগ, ওভারটেকিং, সেন্টার লাইনে গাড়ি না চালানো, পথচারীদের জেব্রা ক্রসিং ব্যবহার করা, চলন্ত অবস্থায় ড্রাইভারের মোবাইল ফোনে কথা বলা, মোটর সাইকেলের ড্রাইভারদের হেলমেট ব্যবহার, সিট বেল্ট বাধাসহ ট্রাফিক আইন সম্পর্কে ধারণা দেয়া হয়।
























