নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় স্টুডেন্টস কেবিনেটের সদস্যরা বাল্যবিবাহ বন্ধ করে উপহার পেল বই। ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মাদরাসা মাঠে প্রাত্যহিক সমাবেশ শেষে বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার স্টুডেন্টস কেবিনেটের ৮ সদস্যের হাতে ওই পুরষ্কার তুলে দেওয়া হয়। বানেশ্বরদী ইসলামীয়া দাখিল মাদরাসা কর্তৃপক্ষ তাদেরকে বিভিন্ন লেখকের সমাজ সংস্কার বিষয়ে শিক্ষনীয় লেখা সমবৃদ্ধ একটি করে বই উপহার দেন।
জানা যায়, জামালপুরে এডিসি হিসেবে সদ্য পদায়ন পাওয়া নকলা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নকলায় থাকা কালীন সময়ে সমাজ সংস্কারক বিশিষ্ট বিতার্কিক ও বিতর্কসহ বিভিন্ন বিষয়ে বহু গ্রন্থ প্রণেতা রাজীব কুমার সরকার উপজেলার ৪৭টি মাধ্যমিক শাখার শিক্ষা প্রতিষ্ঠানে আট সদস্য বিশিষ্ট স্টুডেন্টস কেবিনেটদের জন্য বাল্যবিবাহ মুক্ত মঞ্চ করে দেন। ওই মঞ্চের সদস্যরা বাল্যবিবাহ বন্ধে নিরলস কাজ করে যাচ্ছে।
ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার স্টুডেন্টস কেবিনেটের সদস্যরা বেশ কয়েকটি বাল্যবিবাহ বন্ধ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করে। তাদের এই ভালো কাজকে স্বাগত জানাতে এবং অন্য শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষেই মাদরাসা কর্তৃপক্ষ উদ্দীপনা পুরষ্কার হিসেবে বই উপহার দেন। ওইসময় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
























