স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম ও ডিবেট ফেডারেশনের যৌথ আয়োজনে দু’দিনের পথ বিতর্ক উৎসব রোববার রাতে শেষ হয়েছে। হার না মানা দু’দিনের জমজমাট এ বিতর্ক উৎসবে সমকাল সুহৃদ সমাবেশ ডিবেট দল ও শেরপুর সরকারী কলেজ ডিবেট ক্লাব যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে। সমাপনি দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দলের তার্কিকদের হাতে পুরস্কার তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার খালেদ বিন নূর, মো. আমিনুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, জেলা ডিবেট ফেডারেশনের সাধারন সম্পাদক ইমতিয়াজ চৌধুরী শৈবাল প্রমূখ বক্তব্য রাখেন।
সমাপিন দিবসে “বঙ্গবন্ধুর সোনার বাংলা ইতোমধ্যেই পরিপূর্ণতা লাভ করেছে। এ বিষয়ের পক্ষে বক্তব্য রাখেন “সমকাল সুহৃদ সমাবেশ”। বিপক্ষে বক্তব্য রাখেন শেরপুর সরকারী কলেজ ডিবেট ক্লাবের তার্কিকরা। এর আগে শনিবার রাতে “ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা পরিপূর্ণতা পাবে” এ বিষয়ের ওপর প্রতিদ্বন্দ্বি দু’দল অংশ নেয়।
সংসদীয় পদ্ধতির এ ভিন্নধর্মী পথ বিতর্ক শুনতে এদিন জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্ত্বর এলাকায় ছিল মানুষের উপচে পড়া ভীড়। অংশ গ্রহণকারী দুই দলের তার্কিকদের যুক্তি-তর্কে উঠে আসে দেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নিরাপদ সড়ক আন্দোলন, গুজবসহ নানা বিষয়। রাত ১০ টা পর্যন্ত চলে বিতর্ক ।
উৎসবের প্রধান আলোচক পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। পথ বিতর্ক উৎসবে বিতার্কিকরা মাদক, জঙ্গীবাদ, বাল্যবিয়ে, ট্রাফিক আইন, ট্রিপল নাইনের মত সেবাধর্মী কাজের ওপর তথ্য ভিত্তিক বক্তব্য রেখেছেন। এতে জনসচেতনতা বৃদ্ধি পাবে। মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারবে।
জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, শিক্ষার্থীরা চমৎকার বিতর্ক করেছে। আমি তাদের বিতর্ক শুনে মুগ্ধ। বিতর্কের বিষয়ের সাথে সরকারের উন্নয়ন কর্মকান্ড ও মাদক, বাল্যবিয়ে রোধে চলমান পদক্ষেপ সুন্দরভাবে উঠে এসেছে। এ ধরনের পথ বিতর্ক খুবই ভাল উদ্যোগ।























