নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশার সমর্থকদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট শুক্রবার বিকেলে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ আয়োজিত ওই শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। ওইসময় তিনি বলেন, দলে অনুপ্রবেশকারীদের ঠেকাতে হবে। অনুপ্রবেশকারীরাই দলের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি করে ত্যাগী-আদর্শবান নেতাকর্মীদের নানাভাবে হয়রানি-নির্যাতন করছে। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের আবেগময়ী বর্ণনা করে বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমানের সম্পৃক্ততা ছিল। দলের ভেতরকার মোনাফেক-বেইমানরাও এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাই আগামী দিনে আমরা যেমনিভাবে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে চাই, ঠিক সেভাবেই দলকেও অনুপ্রবেশকারীমুক্ত করার দৃঢ শপথ গ্রহণ করতে হবে।
বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সভাপতি আসাদুজ্জামান সোহেলের সভাপতিত্বে শোকসভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সরকার গোলাম ফারুক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, মোকতার হুসাইন, গোপাল চন্দ্র সাহা, মুক্তিযোদ্ধা মোকছেদ আলী বেগ, অ্যাডভোকেট হাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা জহিরুল ইসলাম ভুট্টু, বাবুল হোসেন, জাহাঙ্গীর মোহাম্মদ মেহেদী, আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলাম, সাদ্দাম হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক।
























