স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম (৭৮) আর নেই। তিনি ১৪ আগস্ট মঙ্গলবার সকালে বার্ধক্যজনিত কারণে শহরের কালিরবাজার বটতলাস্থ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৩ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। বাদ যোহর শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের লাশ তার পেশাগত কর্মস্থল জেলা আইনজীবী সমিতির অফিস অঙ্গণে রাখা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল কাদের খান, এডভোকেট তৌহিদুর রহমান, এডভোকেট এমকে মুরাদুজ্জামান ও এডভোকেট আবুল মানসুর স্বপন, মরহুমের জ্যেষ্ঠ জামাতা মনসুর মান্নান প্রমুখ। এরপর মরহুমের কফিনে জেলা আইনজীবী সমিতির তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বেলা আড়াইটাই জেলা ও দায়রা জজ এমএ নূরের সভাপতিত্বে জজ আদালত এজলাসে ফুল কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের পরিচালনায় রেভারেন্স অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দাস, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিনসহ অন্যান্য বিচারকগণ এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীবসহ অনান্য সদস্যগণ শরিক হন।
বাদ আছর সরকারি ভিক্টোরিয়া একাডেমি মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ওইসময় মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল কাদের খান, জেলা চাউলকল মালিক সমিতির সভাপতি প্রকৌশলী আশরাফুল আলম তালুকদার সেলিম, প্রবীণ শিক্ষাবিদ আলহাজ্ব আবুল কাশেম, মরহুমের জ্যেষ্ঠ জামাতা মনসুর মান্নান, একমাত্র পুত্র আরিফুল ইসলাম প্রমুখ। পরে মরহুমের লাশ স্থানীয় চাপাতলী পৌর কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, শেরপুর শহরের দিঘারপাড় মহল্লার মরহুম মামুদ সরকারের পুত্র আমিনুল ইসলাম ১৯৩৯ সালের ১৩ জুলাই জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি ভিক্টোরিয়া একাডেমি থেকে মেট্রিক, আনন্দমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ১৯৭০ সালে তিনি এলএলবি পাস করে ১৯৮১ সালে বার কাউন্সিলের আইনজীবী তালিকাভূক্ত হন। এরপর তিনি ময়মনসিংহ জেলা বারে যোগদান করে দীর্ঘদিন সুনামের সাথে আইন পেশায় নিয়োজিত থাকেন। পরবর্তীতে তিনি শেরপুরে চলে এসে আইন পেশায় নিয়োজিত হন।
























