স্টাফ রিপোর্টার ॥ নান্দ্যনিক ও সুন্দর শেরপুর গড়তে সবার সহযোগিতা চাইলেন শেরপুরের নবাগত জেলা প্রশাসক আনার কলি মাহবুব। তিনি ১৩ আগস্ট সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় ওই সহযোগিতা কামনা করেন। ওইসময় তিনি বলেন, পাহাড়, নদী, পর্যটন ও শস্যভা-ারখ্যাত ইতিহাস-ঐতিহ্যের ধারক শেরপুরের অনেক সম্ভাবনা রয়েছে। ওইসব সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এজন্য সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি সুশীল সমাজকেও একসাথে কাজ করতে হবে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, শেরপুরকে এখন নিজের জেলার মতই ভাবছি। শেরপুরকে সামনের দিকে আরও এগিয়ে নিতে জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। জনগণের জন্য তার (জেলা প্রশাসকের) দরজা উন্মুক্ত থাকবে। দিনরাতের মধ্যেও তাতে সীমাবদ্ধ থাকবে।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক সবার সাথে পরিচিত হন এবং শেরপুরের উন্নয়ন ও সমস্যা নিয়ে পরামর্শ আহবান করেন। ওইসময় নানা বিষয়ে মতামত তুলে ধরে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক ফখরুল মজিদ খোকন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, পাতাবাহার খেলাঘর আসনের সভাপতি আনিসুর রহমান, সাবেক সভাপতি অধ্যাপক শিব শঙ্কর কারুয়া শিবু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ মুসা মিয়া, কমল চক্রবর্তী প্রমুখ।
মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আনার কলি মাহবুব ৯ আগস্ট শেরপুরে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
























