স্টাফ রিপোর্টার ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সদর আসনে পরিবর্তনের পক্ষে অবস্থান ও প্রস্তুত থাকার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ জননেতা হুমায়ুন কবীর রুমান। তিনি ১০ আগস্ট শুক্রবার বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের চরশ্রীপুর হাই স্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই আহবান জানান। ওইসময় তিনি আশা প্রকাশ করে বলেন, দীর্ঘ ২০ বছরের লুটপাটের রাজনীতি ও স্বৈরতন্ত্র কায়েমের কারণে আগামী জাতীয় নির্বাচনে শেরপুর সদর নির্বাচনী এলাকার মানুষ আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। আর পরিবর্তনের ক্ষেত্রে আমাদের আস্থাভাজন প্রার্থী হিসেবে কাজ করছেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। তাই তাকে নির্বাচিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু বলেন, আমি আপনাদের সেবা করতে চাই। আপনারা আমাকে একটি বার সেবা করার সুযোগ করে দিন।
ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আমীর আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাসান, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিজু, চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, লছমনপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মিয়া ও কামারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী। সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল হেলালের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরহাদ আলী, আক্রাম হোসেন, আব্দুল কুদ্দুছ, ফুরকান আলী, আয়নাল হক, হাফেজ শেখ ফরিদ, মাওলানা জাহিদুল হক শেরপুরী প্রমুখ। বিকেল থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে জড়ো হতে থাকে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু ৫০০শত মোটর সাইকেলের সু-ডাউন নিয়ে পাইকরতলা হয়ে ঐ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে সভাস্থলে গিয়ে উপস্থিত হন। উপস্থিত জনতা ছানুয়ার হোসেন ছানুকে দেখে ‘আতিক ছাড়া নৌকা চাই, নৌকার মাঝি ছানু ভাই’ এই শ্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তোলে।




