স্টাফ রিপোর্টার ॥ কর্মক্ষেত্রে নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ জাতীয় শুদ্ধাচার পুরস্কার-২০১৮ পেয়েছেন শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। ৯ আগস্ট বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুনসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও একই অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ে ২ জন কর্মচারীকেও ওই পুরস্কার দেওয়া হয়। তারা হচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী লাইলা ইয়াসমিন ও ঝিনাইগাতি ইউএনও অফিসের সহকারী ক্লেমেন্ট রাখসাম।
জেলা প্রশাসন সূত্র জানায়, জাতীয় শুদ্ধাচার নীতিমালা-২০১৭ অনুসরণ করে তাদের ওই পুরস্কার দেয়া হয়। স্বচ্ছতা, জবাবদিহিতা, কর্মদক্ষতা সার্বিক বিচারে প্রতি বছর শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। ২০১৭-১৮ বছরের সার্বিক বিবেচনায় জেলা পর্যায়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব)এটিএম জিয়াউল ইসলাম ও উপজেলা পর্যায়ে সার্বিক বিবেচনায় সর্বোচ্চ নাম্বার পেয়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান।
























