রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ দেরিতে বৃষ্টি হওয়ায় আমনের চাষে ব্যস্ত হয়ে পড়েছে শেরপুরের শ্রীবরদীর কৃষকরা। কয়েকদিন যাবত থেমে থেমে বৃষ্টি। এতে চাষাবাদের জন্যে জমি হচ্ছে উপযোগি। জমি তৈরি ও রোপনের তোড়জোড়ে দেখা দিয়েছে শ্রমিক সংকট। এ সুযোগে স্থানীয় শ্রমিকরা নিচ্ছেন চড়া মূল্য। এতে অনেকে পড়েছেন বিরম্বনায়। মঙ্গলবার সরেজমিন ঘুরে কৃষক ও কৃষি কর্মকর্তার সাথে কথা বলে ওঠে আসে এমন তথ্য।
উপজেলা কৃষি অফিস সূত্র মতে, চলতি মৌসুমে আমনের লক্ষ্যমাত্রা প্রায় ১৬ হাজার হেক্টর জমি। প্রতি বছর এসব জমিতে চাষাবাদ শুরু হয় আষাঢে। এবার বৃষ্টির অভাবে পিছিয়ে পড়ে। কয়েকদিন যাবত থেমে থেমে বৃষ্টিতে উপযোগি হচ্ছে আমন চাষের জমি। এ জন্য কোমর বেঁধে ক্ষেতে নেমেছেন কৃষকরা। কৃষকরা জানান, দেরি হওয়ায় শ্রমিক সংকট। স্থানীয় শ্রমিক নিলে গুনতে হচ্ছে বাড়তি টাকা। কাকিলাকুড়া গ্রামের কৃষক আসমত আলী বলেন, প্রতি বছর দেড় একর জমিতে আমনের চাষবাদ করি। এবার একরে ৪ হাজার টাকা ধরে চারা রোপন করেছি। শ্রমিক সংকট না হলে তিনি ৩ হাজার টাকায় চারা রোপন করতে পারতেন বলেও জানান। আবহাওয়া অনুকুল আর বন্যায় ক্ষতি না হলে একরে ৭০ হতে ৮০ মণ ধান উৎপাদন হবে বলেও আশা করেন তার মতো অনেকেই। কৃষকরা জানান, এ মাসেই আমনের চারা রোপন প্রায় শেষ হবে। সার সংকট না থাকায় ও কৃষি অফিসের মনিটরিংয়ে এবারও বাম্পার ফলনের সম্ভাবনা আছে মনে করেন তারা। বৃষ্টির অভাবে একটু বিলম্ব হলেও চাষাবাদে প্রভাব ফেলবে না বলে উল্লেখ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারি কৃষি কর্মকর্তা গোলাম ম্স্তোুফা বলেন, প্রতি বছরের ন্যায় এবারো মৌসুমি শ্রমিক আসবে। কমবে শ্রমিকের মূল্য। এতে সময়ের মধ্যেই শেষ হবে আমনের চাষ। আবহাওয়া অনুকুলে থাকলে আমনের বাম্পার ফলন হবে বলেও মনে করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমূল হাছান। তিনি বলেন, পাহাড়ি ঢল বা বন্যায় ক্ষতি না হলে লক্ষ্যমাত্রা অর্জন হবে। এবার ঘরে তুলবেন বাম্পার ফলন। এমনটাই প্রত্যাশা করেন কৃষক ও কৃষি কর্মকর্তারা।

























