প্রেমিকের বাবার ফের রিমান্ড শুনানী
স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে প্রেমে বাঁধা প্রদানসহ প্রেমিকের সাথে সম্পর্ক না রাখতে অভিভাবকদের শাসানোর জের ধরে আত্মহত্যায় প্রাণ হারানো মিতু খাতুন (১৫) নামে এক কিশোরীর লাশ দাফনের ৫ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশ মোতাবেক ১ আগস্ট বুধবার বিকেলে পিতার বাড়ির পাশের কবর থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মিতুর লাশ উত্তোলন করা হয়। তবে লাশটি ছিল গলিত।
অন্যদিকে মামলার তদন্ত কর্মকর্তা মিতুর প্রেমিক আব্দুল্লাহর বাবা হাজতী আসামী আব্দুল মালেককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানিয়েছেন। সেই আবেদনের প্রেক্ষিতে ৫ আগস্ট রবিবার সদর আমলী আদালতে আসামী মালেকের উপস্থিতিতে রিমান্ডের বিষয়ে শুনানী হবে।
এদিকে অভিযোগ উঠেছে, আব্দুল্লাহর পরিবার ও আত্মীয়-স্বজনদের হেনস্থা করতেই স্থানীয় একটি চক্র বিশেষ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে নিরীহ বাদীপক্ষকে পুনঃপুন ভিন্নপথে পরিচালিত করছে। এ বিষয়ে আব্দুল্লাহর চাচা দফাদার আব্দুল খালেক ও বড়বোন মাজেদা বেগম অভিযোগ করে বলেন, মিতু তার অভিভাবকদের শাসনের কারণেই আত্মহত্যা করেছে। কিন্তু স্থানীয় একটি কু-চক্রী মহল মিতুর নিরীহ পরিবারকে দিয়ে আমাদেরকে হয়রানী করছে। যে কারণে আব্দুল্লাহর বৃদ্ধ পিতা আব্দুল মালেক দীর্ঘদিন যাবত জেল-হাজতে রয়েছেন। তাদের অভিযোগ, আদালতে নারাজী মঞ্জুর হওয়ার কয়েকদিন পর অর্থাৎ ১৮ জুলাই সকালে কয়েকজন কু-চক্রীর উপস্থিতিতে মিতুর পরিবার মিতুর কবর খুড়ে। বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হওয়ায় থানা পুলিশকে অবহিত করা হয় এবং সে প্রেক্ষিতে এসআই শাহীন তদন্তে গিয়ে তার সত্যতাও পায়।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম জানান, আদালতের নির্দেশ মোতাবেক ভিকটিম মিতু খাতুনের লাশ কবর থেকে উত্তোলনের পর পুনঃময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে হাজতী আসামী আব্দুল মালেককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। পুনঃময়নাতদন্ত রিপোর্ট ও জিজ্ঞাসাবাদসহ আরও তদন্ত ছাড়া ঘটনার বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
উল্লেখ্য, শেরপুর সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের রামেরচর গ্রামের মিজানুর রহমানের মেয়ে মিতু খাতুনের সাথে প্রায় এক বছর পূর্ব থেকে সম্পর্ক গড়ে উঠে স্থানীয় কৃষক আব্দুল মালেকের পুত্র আব্দুল্লাহর (২৫)। বিষয়টি জানাজানি হয়ে পড়লে খেপে যায় মিতুর পরিবার। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বাগ-বিতন্ডাও হয়। ওই অবস্থায় চলতি বছরের প্রথমদিকে মিতু খাতুনকে নিজ বাড়ি থেকে সরিয়ে পার্শ্ববর্তী জঙ্গলদীস্থ নানার বাড়িতে পাঠিয়ে দেয় তার পরিবার। এরপর গত ২ মার্চ মিতু নানার বাড়ি থেকে পিতার বাড়ি ফিরে আসে এবং ওইদিনই দুপুরে সে আব্দুল্লাহর খুজে তাদের বাড়িতে গিয়ে আব্দুল্লাহকে না পেলেও মন খারাপ করে ওই বাড়িতে অবস্থান করতে থাকে। বিষয়টি তার পরিবার জানতে পেরে ওইদিন বিকেলে মিতুর মা ও চাচা ওই বাড়িতে গিয়ে শাসিয়ে মিতুকে নিয়ে আসে এবং তাকে আব্দুল্লাহর সাথে পুনরায় সম্পর্ক স্থাপন না করতে চূড়ান্তভাবে নিষেধ করে। ওই অবস্থায় মিতু হতাশ হয়ে কান্নাকাটি করতে থাকে। এক পর্যায়ে পরদিন সকালে পার্শ্ববর্তী একটি লেবুর বাগানে মিতুর ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে থানা পুলিশ মিতুর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। প্রাথমিক অবস্থায় ঘটনাটি আত্মহত্যা মনে হওয়ায় মিতুর পরিবার স্থানীয় কুচক্রী মহলের যোগসাজসে আব্দুল্লাহ ও তার পরিবারের লোকজনদের বিরুদ্ধে হত্যা মামলা দিতে গিয়ে ব্যর্থ হয়। পরবর্তীতে ওই ঘটনায় ২০ মার্চ মিতুর বাবা মিজানুর রহমান বাদী হয়ে প্রেমিক মোঃ আব্দুল্লাহ ও তার বাবা আব্দুল মালেক (৬০) সহ ১০ জনকে স্ব-নামে ও অজ্ঞাতনামা ৫/৬জনকে আসামী করে শেরপুরের সি/আর আমলী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। শেরপুর সদর থানায় ওই মামলাটি রেকর্ড হয় গত ১ এপ্রিল এবং ওই মামলায় আব্দুল্লাহর পিতা আব্দুল মালেক পুলিশের হাতে গ্রেফতার হয় ১৪ মে। এক পর্যায়ে তাকে রিমান্ডে নিয়েও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। অবশেষে ওই মামলার প্রেক্ষিতে ময়নাতদন্ত রিপোর্টে মিতুর মৃত্যু আত্মহত্যা আসায় থানা পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ৩১ মে আব্দুল্লাহর পিতা আব্দুল মালেকসহ অন্যান্যদের অব্যাহতির প্রার্থনাসহ কেবল আব্দুল্লাহর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ওই অবস্থায় বাদীপক্ষ তদন্ত কমর্কর্তার চার্জশীটের বিরুদ্ধে ১০ জুন আদালতে নারাজী দাখিল করেন। আদালত ১৫ জুলাই ওই নারাজীর বিষয়ে উভয়পক্ষের শুনানী শেষে তা গ্রহণ করে ঘটনার বিষয়ে অধিকতর তদন্তের জন্য ময়মনসিংহের পিবিআই পুলিশের একজন পুলিশ পরিদর্শকের মাধ্যমে তদন্তের নির্দেশ দেন। সেইসাথে কবর থেকে ডিসিষ্ট মিতুর লাশ উত্তোলনপূর্বক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বোর্ড গঠন করে পুনঃময়নাতদন্তের নির্দেশ দেন।























