শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে বিল থেকে অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গড়জরিপা ইউনিয়নের কালিদহসাগরের বিল থেকে লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কালিদহ সাগরের বিলের পানিতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধের পরিচয় এখনও জানা যায়নি। লাশের পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জি ছিল। মুখে দাঁড়ি আছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় শ্রীবরদী থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।























