স্টাফ রিপোর্টার ॥ নানা বাধা-বিপত্তি পেরিয়ে ন্যাশনাল অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ৩১ জুলাই মঙ্গলবার। এ উপলক্ষে শ্যামলবাংলা২৪ডটকম পরিবারের পক্ষ থেকে জেলা আইনজীবী সমিতির ২নং বার ভবনের তৃতীয় তলায় মঙ্গলবার বিকেল ৪টায় আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
মহান মুক্তিযুদ্ধের চেতনার দৃঢ় প্রত্যয় নিয়ে এডভোকেট রফিকুল ইসলাম আধারের সম্পাদনা-প্রকাশনায় অনলাইন জগতে শ্যামলবাংলা২৪ডটকম’র আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ২০১৩ সালের ৩১ জুলাই। ওইদিন শেরপুরের তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন প্রধান অতিথি হিসেবে শ্যামলবাংলা২৪ডটকম’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সময়ের ঘূর্ণাবর্তে প্রত্যাশা-প্রাপ্তির ৫ বছর পেরিয়ে ষষ্ঠ বছরে পদার্পণ করতে যাচ্ছে শ্যামলবাংলা২৪ডটকম। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সংবাদকর্মী, লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী আর দায়িত্বশীল মহলসহ সকলকে। সেইসাথে তাদের প্রতি প্রকাশ করছি শ্যামলবাংলার কৃতজ্ঞতা। অন্যদিকে সফলতার সূচনালগ্নে ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি নিউজ পোর্টালটির প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক শাহ আলম বাবুলের অকাল প্রয়াণের শূন্যতা আজও আমাদের মাঝে বিরাজমান। পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে শুধু শ্যামলবাংলা পরিবারই নয়, তারই তেজোদীপ্ত মেধা ও মননশীলতায় অসাম্প্রদায়িক চেতনায় প্রতিষ্ঠিত শ্যামলবাংলার মনোমুগ্ধ লাখো পাঠক তার বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে।
























