রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে শেরপুর জেলায় সবার শীর্ষে রয়েছে শ্রীবরদীর কাকিলাকুড়া মালেকুননিসা হজরত আলী কলেজ। জেলা শিক্ষা অফিসের তথ্যমতে, এ কলেজে পাশের হার ৮৭ দশমিক ৫০। ভাল ফলাফলে শিক্ষার্থী, শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাবকরা খুশি।
ওই কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রাজ্জাক জানান, শিক্ষা ও যোগাযোগসহ নানা সুবিধা বঞ্চিত এলাকাটি। এখানে শিক্ষার হার কম। যোগাযোগ ব্যবস্থাও নাজুক। আগে ছাত্রছাত্রীরা শহরে কলেজে যেতে পোহাতো দুর্ভোগ। এখানে অবকাঠামো ও আসবাবপত্রের অভাব প্রকট। এ পরিবেশেও মেধা সম্পন্ন শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে নিয়মিত পাঠদান করায় ফলাফল জেলায় সবার শীর্ষে।
ওই কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আবদুল খালেক বলেন, ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় কলেজের ফলাফলে শেরপুর জেলায় প্রথম স্থান অধিকার করায় আমরা কাকিলাকুড়াবাসীসহ ছাত্রছাত্রীরা আনন্দিত ও গর্বিত। এ ফলাফলের জন্যে ছাত্রছাত্রী, শিক্ষকমন্ডলী ও অভিভাবকগণকে আন্তরিক অভিনন্দন। এর ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া চেয়েছেন তিনি।























