নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরে নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণিপড়–য়া স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের মামলায় গ্রেফতাকৃত যুবক আক্রাম হোসেনকে (৩০) শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। ২২ জুলাই রবিবার দুপুরে নালিতাবাড়ী থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিচারিক হাকিম জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। এদিকে দুপুরে শেরপুর জেলা হাসপাতালে ভিকটিম স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম ফসিহুর রহমান জানান, রবিবার দুপুরে গ্রেফতারকৃত আক্রাম হোসেনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাছাড়া শেরপুরে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। ডাক্তারী পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য, ২১ জুলাই শনিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার কোন্নগর গ্রামের নানার বাড়ীতে বিয়ের বৌভাতের অনুষ্ঠান থেকে পুলিশ আক্রাম হোসেনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে স্থানীয় কোন্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে গত ১৩ জুলাই রাতে বাড়ির পাশের রান্নাঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ওই শিক্ষার্থীর ভাই বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করে।























