নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে গাড়ী ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ জুন শুক্রবার রাতে একটি টিভিএস মোটর সাইকেলসহ ছিনতাইকারী চক্রের ওই ২ সদস্যকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে টাঙ্গালের ঘাটাইল নয়াপাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে রাসেল মিয়া (২০) ও নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত জালাল উদ্দিন শাকিল মিয়া (১৮)। শনিবার দুপুরে দ্রুত বিচার আইনের মামলায় ওই ২ যুবককে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলা কারাগারে প্রেরণের আদেশ দেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, নালিতাবাড়ী পৌর শহর থেকে নকলা যাওয়ার উদ্দেশ্যে শুক্রবার রাত ১০টার দিকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আবুল কালামকে রাসেল মিয়া ও শাকিল মিয়া নামে ২ যুবক ভাড়া করে। পরে নকলা উপজেলায় পৌঁছে ফের নালিতাবাড়ী আসার জন্য মোটরসাইকেল চালক আবুল কালামকে ভাড়া করে। ওইসময় তারা নকলা থেকে নালিতাবাড়ী শহরে পৌঁছার পথে মালিঝি ব্রিজের দক্ষিণ পাশে ওই চালককে জিম্মি করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই অবস্থায় চালক আবুল কালাম চিৎকারে এলাকাবাসী এগিয়ে গিয়ে ওই ২ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারোয়ার হোসেন বলেন, ওই ঘটনায় আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুতবিচার) আইনে নিয়মিত মামলা রেকর্ড হয়েছে। গ্রেফতারকৃত ২ যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।























