স্টাফ রিপোর্টার ॥ ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিসের উদ্যোগে শেরপুরে ডিসি উদ্যানে আয়োজিত দু’দিনব্যাপী শিশু মেলা শেষ হয়েছে। ১৫ মে মঙ্গলবার বিকেলে মেলার সমাপনী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলায় আয়োজিত বিতর্ক, ক্যুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ উপলক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ছারওয়ার জাহান, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সৈয়দ উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, ডাঃ সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম, সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক মোঃ রেজুয়ান ও ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার সুপার মাওলানা ফজলুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত। জেলা এনসিটিএফ’র সাধারণ সম্পাদক নওশীন তাবাসসুম সুষ্মীর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক-অভিভাবকসহ বিপুলসংখ্যক শিশু উপস্থিত ছিল।
মেলায় বসা ১৫টি স্টলের মধ্যে ওয়ার্ল্ড ভিশনের শেরপুর পৌরসভা শিশু ফোরাম প্রথম, জেলা সরকারি গণগ্রন্থাগার দ্বিতীয় ও জেলা এনসিটিএফ তৃতীয় স্থান অর্জন করে। এছাড়া বিতর্ক প্রতিযোগিতায় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সরকারি ভিক্টোরিয়া একাডেমি রানার্সআপ হয়।
এর আগে পাতাবাহারের সঙ্গীত বিভাগের অধ্যক্ষ আলিমুল ইসলামের উপস্থাপনায় স্থানীয় শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করে।























