স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টে উত্তরা সানরাইজার্স স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। ১২ মে শনিবার বিকেলে শহরের তাতালপুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সৎ সঙ্গ স্পোর্টিং ক্লাবকে ২০ রানে হারিয়ে উত্তরা সানরাইজার্স স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। উত্তরা সানরাইজার্স স্পোর্টিং ক্লাব টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৬ রানেই গুটিয়ে যায় সৎ সঙ্গ স্পোর্টিং ক্লাব। ৫৩ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন উত্তরা সানরাইজার্স স্পোর্টিং ক্লাবের রবিন হোসেন। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন একই ক্লাবের ইসমাইল হোসেন।
খেলা শেষে প্রধান অতিথি জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাব সভাপতি, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন। ওইসময় তিনি বলেন, খেলাধূলা সুস্থ্য দেহ গঠনে ও মানসিক বিকাশে এক বিশেষ সহায়ক ভূমিকা পালন করে। তাই ক্রীড়া চর্চার মাধ্যমে আমাদের ছাত্র-যুবকরা সুস্থ দেহ গঠনের পাশাপাশি সন্ত্রাস-মাদকমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণে বিশেষ ভূমিকা পালন করতে পারে। তিনি ভবিষ্যতে এলাকায় আরও ক্রিকেট ও ভলিবল টুর্নামেন্টসহ ক্ষুদে খেলোয়াড়দের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তার সহযোগিতার আশ্বাস দেন।
এ উপলক্ষে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মজিবর রহমান মাস্টারের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেপোলিস্থ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদীন হাজারী। ওইসময় বিশেষ অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন বলেন, ক্রীড়া চর্চার মধ্য দিয়ে আমাদের ছাত্র ও যুব সমাজকে মাদক ও সন্ত্রাসের কবল থেকে রক্ষা করতে হবে। এর মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন আকন্দ ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা সারওয়ার হোসেন সুজন। ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন ও ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক নুরে আলম সিদ্দিক ও রানার্সআপ দলের অধিনায়ক মোবারক হোসেন ইবনুল ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাহিদুল হাসান জনি। ওইসময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, বাবুল হোসেন, মুসা আলম সরকার, সমাজসেবক মোশারফ হোসেন মিস্টু, মোঃ আওরঙ্গজেব, শিক্ষানবীশ আইনজীবী মোঃ আশরাফুজ্জামান, যুবলীগ নেতা আব্দুল আলিম, মিজানুর রহমান মুক্তা, প্রকৌশলী রবিউল ইসলাম রুবেল, জেলা ট্রলি চালক-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, ছাত্রলীগ নেতা ইমরান হোসাইন, মাশুকুর রহমান মিশুক, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান মিয়া, হাকিম ইকবাল হোসেন আকন্দ, ফরহাদ আলী, বাকী বিল্লাহ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুর শহরের ৯নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে ওই টুর্ণামেন্টে স্থানীয় ৭ টি দল অংশ নেয়।

























