ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ তে মাধ্যমিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের দোহালিয়া গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে। ১০ মে বৃহস্পতিবার ঝিনাইগাতীর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ তার কার্যালয়ে রবিউল ইসলামের হাতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের পুরস্কার তুলে দেন।
জানা যায়, রবিউল ইসলাম ১৯৯৬ সালে মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। পরবর্তীতে পদোন্নতি হয়ে ২০০৫ সালে তিনি প্রধান শিক্ষক পদে দায়িত্ব পেয়ে সুনামের সঙ্গে তা পালন করে আসছেন। মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, অভিভাবক প্রতিনিধি ও ছাত্র-ছাত্রীবৃন্দ তার ওই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিউল ইসলাম তার কাজের মাধ্যমেই শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, রবিউল ইসলাম এ নিয়ে তৃতীয়বারের মত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন।
























