দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি সাংবাদিক নেতাদের
স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে দৈনিক খবরপত্র’র উপজেলা প্রতিনিধি ও স্থানীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জরুল আহসানকে কর্তব্যকাজে বাঁধা, মারধর করে তার ব্যবহৃত ক্যামেরা ও মোবাইলসহ নগদ টাকা ছিনিয়ে নেওয়ার মামলায় আজিজুর রহমান নামে (৪৫) এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে আদালত। ১৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর তালুকদারের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে উভয় পক্ষের শুনানী শেষে তিনি তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজিজুর রহমান একই উপজেলার কাপাসিয়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানী করেন সিএসআই আনিসুর রহমান ও জামাল উদ্দিন।
জানা যায়, ১৩ এপ্রিল শুক্রবার দুপুরে মঞ্জুরুল আহসান পেশাগত কাজে উপজেলার কাপাসিয়া গ্রামে গেলে আজিজুর রহমান অর্তকিতভাবে তার ওপর হামলে পড়ে উপুর্যপরি কিল, ঘুষি ও থাপ্পড় মারতে থাকে। ওইসময় সাংবাদিক মঞ্জুরুলের ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ফোনসহ পকেটে থাকা কিছু টাকা ছিনিয়ে নেয় আজিজ। ডাক-চিৎকারে এলাকার লোকজন এগিয়ে গিয়ে গুরুতর অবস্থায় সাংবাদিক মঞ্জুরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মারধরের কারণে মঞ্জুরুল মাথায় ও কানে আঘাতপ্রাপ্ত হওয়ায় তিনি শ্রবণশক্তি হারানোর আশঙ্কায় রয়েছেন। ওই ঘটনায় শুক্রবার রাতেই নালিতাবাড়ী থানায় হামলাকারী আজিজুর রহমানকে একমাত্র আসামী করে একটি মামলা দায়ের হয়। এরপর আজিজকে ধরতে থানা পুলিশের অভিযান শুরু হলে সে গাঁ ঢাকা দেয়।
এদিকে ওই ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ওই ঘটনায় শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা উদ্বেগ প্রকাশ করে বলেন, সাংবাদিকতা মহৎ পেশা হলেও মফস্বল সাংবাদিকতা এখনও ঝুঁকিমুক্ত হয়নি। এ কারণেই সাংবাদিক মঞ্জুুরুল আহসানের উপর হামলার ঘটনা ঘটেছে। এজন্য তারা ওই হামলাকারীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধারসহ তাকে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান। একই দাবি জানান নালিতাবাড়ী প্রেসক্লাব সভাপতি এমএ হাকাম হীরা ও সাধারণ সম্পাদক গোপাল সরকার।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান বলেন, সাংবাদিক মঞ্জুরুল আহসনের উপর হামলার ঘটনায় মামলার পর আসামী আজিজুর রহমানকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত ছিলো। কিন্তু সে এলাকা ছেড়ে গাঁ ঢাকা দিয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা থাকায় ছিনিয়ে নেওয়া আলামত উদ্ধারের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার বিষয়ে দ্রুতই তদন্ত শেষ করে তাকে বিচারের মুখোমুখি করা হবে।
























