স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে কৃষক লীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে শহরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খরমপুরস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও আগামী জাতীয় নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশী ছানুয়ার হোসেন ছানু। এতে প্রধান বক্তা ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল ও সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাছান।
জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী ও আব্দুল হান্নান মোল্লা, জেলা পরিষদ সদস্য আল আমিন, শহর কৃষক লীগের সভাপতি রুকুনুজ্জামান রঞ্জু প্রমুখ। বক্তারা শেরপুর সদরের দলীয় সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিকের দুর্নীতির বিচার দাবি করেন। সেই সাথে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানুকে দলীয় প্রার্থী মনোনীত করার দাবি জানান।
























