১.
স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা বাঙ্গালি জাতির হাজার বছরের স্বপ্ন, আকুতি ও সংগ্রামের সোনালী ফসল। এ সংগ্রামের ধারাবাহিকতায় এসেছে ৫২‘র ভাষা আন্দোলন, ৬৬‘র ৬দফা আন্দোলন, ৬৯‘র গণ অভ্যুত্থান, আর ৭০এর নির্বাচনী বিজয়। এসবের মধ্য দিয়ে বাঙ্গালি জাতীয়তাবাদের ভিত্তিতে পূর্ব বাংলার মানুষ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে যায়।

১৯৭১ সালের ৭ই মার্চ বাঙ্গালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার আহ্বান ও ১৫ই মার্চ পাকিস্তানের পূর্ব অংশে সরকার পরিচালনার জন্য তাঁর ৩৫টি নির্বাহী আদেশের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম-প্রক্রিয়া শুরু হয়।
বস্তুত, ২৫শে মার্চ রাতে নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হামলার পর ২৬শে মার্চ প্রথম প্রহরে তারবার্তার মাধ্যমে জাতির পিতার স্বাধীনতার ঘোষণায় শুরু হয়েছিলো আমাদের মুক্তির সংগ্রাম। শুরু হয়েছিলো বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা খচিত নতুন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীনতার সংগ্রাম। তাই, দেশমাতৃকাকে শত্রুমুক্ত করার জন্য গঠিত সরকারের সকল কর্মকাণ্ডে জাতির পিতার নাম জড়িত থাকবে, এটিই তো স্বাভাবিক!

২.
১৯৭১ সালের ৯ই মার্চ বঙ্গবন্ধু তাঁর পরিচিত ভারতের বিধান সভার সদস্য শ্রী সমর গুহকে একটি চিঠি লিখে অনুরোধ করে রেখেছিলেন যেন বাঙালির দুঃসময়ে শ্রীমতি ইন্দিরা গান্ধী সহযোগিতা করেন, সেজন্য তাঁকে প্রভাবিত করতে। শেখ ফজলুল হক মনি’র মারফৎ চিঠিটি পাঠানো হয়েছিলো।
২৫শে মার্চ রাতে বঙ্গবন্ধুকে তাঁর বাসভবন থেকে নড়াতে না পেরে, তাঁরই নির্দেশে আওয়ামীলীগ নেতৃবৃন্দ সীমান্ত অতিক্রম করে আশ্রয় নিয়েছিলেন ভারতের মাটিতে। তাঁরা একত্রিত হয়েছিলেন আগরতলায়। আর, সেখানেই গঠিত হয়েছিলো বিপ্লবী সরকার। এই সময় পাকিস্তানের হাই কমিশনার হোসেন আলী বাংলাদেশের প্রতি আনুগত্য ঘোষণা করেন। আর দখল করেন পাকিস্তান সরকারের কলকাতা হাই কমিশন। এ অবস্থায় বাংলাদেশের কোনো মুক্ত এলাকায় সরকার গঠনের জন্য জায়গা খোঁজা হচ্ছিলো।
এসময় বঙ্গবন্ধুর নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য সর্বপ্রকার সহযোগিতার প্রতিশ্রুতি দেন। ফলশ্রুতিতে গণপরিষদের সদস্যদের সমর্থনে তৈরি হয় স্বাধীনতার ঘোষণাপত্র বা Proclamation of Independence Order যা প্রথমে ১০ই এপ্রিল প্রকাশিত হয়। ১১ই এপ্রিল বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা গঠন ও শপথ গ্রহণের সিদ্ধান্ত হয়। মুক্তাঞ্চল চুয়াডাঙ্গাতে রাজধানী স্থাপন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাজকর্ম পরিচালনা করা হবে। এর নাম প্রস্তাব করা হয় মুজিবনগর।
কিন্তু সভায় উপস্থিত কোনো একজন সদস্যের অসাবধানতার জন্য সেই সিদ্ধান্ত সংবাদপত্রে প্রচারিত হয়। যে কারণে, পাকিস্তান বাহিনী চুয়াডাঙ্গার গুরুত্ত্বপূর্ণ স্থাপনাসমূহে প্রবল বোমা বর্ষন করে। পরবর্তীতে খুব গোপনে সিদ্ধান্ত গৃহীত হয় যে, চুয়াডাঙ্গার পার্শ্ববর্তী মেহেরপুর বৈদ্যনাথতলায় ১৭ই এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়াজন করা হবে। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের আনুষ্ঠানিক শপথ গ্ৰহনের এই দিনটিকেই আমরা ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসেবে পালন করি।
১০ই এপ্রিলে প্রচারিত স্বাধীনতার ঘোষণাপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। বঙ্গবন্ধুর অন্যতম সহচর তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী,ক্যাপ্টেন এম মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামানসহ অন্যান্যদের মন্ত্রিপরিষদের সদস্য নিয়োগ করা হয়। ১১ই এপ্রিল এম এ জি ওসমানীকে প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়। প্রধানমন্ত্রী তাজউদ্দীন ১১ই এপ্রিল বাংলাদেশ বেতারে মন্ত্রিপরিষদ গঠনের ঘোষণা দিয়ে ভাষণ প্রদান করেন।
শপথগ্রহণের দিন সকাল ৯ টা থেকেই সেখানে নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের আগমন শুরু হয়। আওয়ামী লীগের এমপিএ ও এমএনএ গণ ছাড়াও দেশি বিদেশি প্রায় ৫০ জন সাংবাদিক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কোরআন তেলাওয়াত ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বেলা ১১টায় হয় মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ।
এ অনুষ্ঠানে বাংলাদেশকে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ রূপে ঘোষণা করা হয়। অস্থায়ী রাষ্ট্রপতি একে একে প্রধানমন্ত্রী ও তার তিন সহকর্মীকে পরিচয় করিয়ে দেন। নতুন রাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে কর্নেল এম এ জি ওসমানী এবং সেনাবাহিনীর চিফ অব স্টাফ পদে কর্নেল আবদুর রবের নাম ঘোষণা করেন। এরপর সেখানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় যার কার্যকারিতা শুরু হয় ২৬ই মার্চ ১৯৭১ থেকে। সেদিন থেকে বৈদ্যনাথ তলার নাম হয় মুজিবনগর।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ তাঁর দীর্ঘ ভাষণে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপট বর্ণনা করেন। তিনি এক জায়গায় বলেন, ‘পাকিস্তান আজ মৃত এবং অসংখ্য আদম সন্তানের লাশের তলায় তার কবর রচিত হয়েছে। বাংলাদেশে যে শত সহস্র মানুষের মৃত্যু হয়েছে তা পশ্চিম পাকিস্তানের মধ্যে একটি দূর্লঙ্ঘ্য প্রাচীর হিসেবে বিরাজ করছে।’
তাজউদ্দীন আহমদ আরো বলেন, ‘বিশ্ববাসীর কাছে আমরা আমাদের বক্তব্য পেশ করলাম, বিশ্বের আর কোন জাতি আমাদের চেয়ে স্বীকৃতির বেশি দাবিদার হতে পারে না। কেননা, আর কোন জাতি আমাদের চাইতে কঠোরতর সংগ্রাম করেনি। অধিকতর ত্যাগ স্বীকার করেনি। জয়বাংলা।’ আর অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম তার ভাষণের শুরুতেই বলেন, ‘আজ এই আম্রকাননে, একটি নতুন জাতি জন্ম নিল।’
৩.
মুক্তিযুদ্ধের শুরুতেই মুজিবনগর সরকার দেশের সমগ্র যুদ্ধ অঞ্চলকে ১১টি সেক্টরে ভাগ করে সেক্টর কমান্ডার নিয়োগ করে। গোটা যুদ্ধ প্রক্রিয়াকে সরকারের একক কমান্ডে এনে লক্ষাধিক শরনার্থীর অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার যথাসম্ভব ব্যবস্থা করা, বর্হিবিশ্বে বাংলাদেশের অবস্থান তুলে ধরে সাহায্য-সমর্থন-স্বীকৃতি আদায়ের উদ্যোগ নেওয়া, প্রতিদিন বাংলাদেশ থেকে আগত দেশপ্রেমিক ছাত্র যুবকের মুক্তিযুদ্ধের ট্রেনিংয়ের ব্যবস্থা করার দায়িত্ব ছিল মুজিবনগর সরকারের।
প্রায় তিন-চার ডিভিশন পাক সৈন্যরা মুখোমুখি লড়াই চালিয়ে যাবার জন্য সংখ্যাগত এবং কৌশলগত কোনো দিক থেকেই বাংলাদেশের সশস্ত্র প্রস্তুতি যথেষ্ঠ ছিল না। কিন্তু মুক্তিকামী বাঙ্গালি জাতির সাহস, মনোবল, দেশপ্রেম ছিল অপরিমেয়। তাই অচিরেই গড়ে ওঠে গণবাহিনী। এপ্রিলের শেষার্ধে তারা যে যুদ্ধ শুরু করেছিল নিয়মিত পদ্ধতিতে, মাত্র মাস দুয়েক পরে জুনের শেষার্ধ থেকে সেই যুদ্ধ বাঁক পরিবর্তন করে গেরিলা পদ্ধতিতে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিজয় লাভের লক্ষ্যে প্রবাসী মুজিবনগর সরকার শুরু থেকেই বিশ্ব জনমত গঠনে জোর তৎপরতা শুরু করে। বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশের পক্ষে আনতে তারা নানা কার্যক্রম হাতে নেয়। পাকিস্তানের বিভিন্ন দূতাবাসে কর্মরত বাঙালি কূটনীতিকরা যেন দ্রুত পাকিস্তানের পক্ষ ত্যাগ করে মুজিবনগর সরকারের পক্ষে আনুগত্য প্রকাশ করেন, সে লক্ষ্যে কার্যক্রম শুরু করে। এরপর পাকিস্তানের বিভিন্ন দূতাবাস থেকে বাঙালী কূটনীতিকরা পাকিস্তানের পক্ষ ত্যাগ করেন। তারা স্বাধীন বাংলাদেশ গঠনে নানামুখী তৎপরতা শুরু করেন।
তবে রনাঙ্গনের বিজয়ই ছিলো মুজিবনগর সরকারের মূল লক্ষ্য। এ সরকারের কর্মকর্তা আকবর আলি খান লিখেছেন, “যুদ্ধের সময় আমাদের অফিস ছিল কলকাতার ৮ নম্বর থিয়েটার রোডে। এ সময় আমরা অফিসে যেতাম বটে, কিন্তু বেশির ভাগ সময় ব্যস্ত থাকতাম যুদ্ধের সংবাদ শোনার জন্য। যুদ্ধের প্রথম থেকেই মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী অসাধারণ সাফল্য অর্জন করে। পাকিস্তানি বাহিনীর আগের হাবভাব দেখে মনে হচ্ছিল, তারা লড়াই করবে। তবে বাস্তবে যখন যুদ্ধ শুরু হলো, পাকিস্তানিরা তখন পালাতে শুরু করল। অপ্রত্যাশিতভাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই যশোর সেনানিবাস যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে চলে এল।”
তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব এইচ. টি ইমাম তাঁর ‘বাংলাদেশ সরকার ১৯৭১-৭৫’ বইয়ে উল্লেখ করেন, ‘মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের জন্য একটি সফল কাঠামো তৈরি করেছিলো। বিশ্বের সহানুভূতি ও পরোক্ষ স্বীকৃতি পেতে মুজিব নগর সরকারের বিকল্প ছিলো না।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশকে হানাদার পাকিস্তানি সেনাবাহিনীর কবলমুক্ত করতে মুক্তিযুদ্ধ তথা জনযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। এই ইতিহাসের সঙ্গে প্রথম বাংলাদেশ সরকার ওতপ্রোতভাবে জড়িত। মুক্তিযুদ্ধ পরিচালনা, শরণার্থীদের বিভিন্ন সমস্যা মেটানো, অধিকৃত বাংলাদেশে প্রশাসন ব্যবস্থাপনা সামলানো, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, খাদ্য রশদ সংগ্রহ, চিকিৎসা সেবা দান, পররাষ্ট্র বিষয়ক তৎপরতা সচল রাখা ইত্যাদি যাবতীয় রাষ্ট্রীয় কর্মকান্ড পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ায় প্রথম বাংলাদেশ সরকারের যে সব মন্ত্রী, কর্মকর্তা, কর্মী, কর্মচারী সংশ্লিষ্ট ছিলেন বাংলাদেশের ইতিহাসে তাদের নাম স্মরণীয় হয়ে থাকবে।’
৪.
১৭ই এপ্রিল শপথ গ্রহনের মুহুর্ত থেকে ছায়া ঢাকা, পাখি ডাকা বৈদ্যনাথ তলার আম্রকাননটি ইতিহাসের অবিচ্ছেদ্য অংশে পরিনত হয়। মুজিবনগর সরকার খ্যাত বিপ্লবী সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মূলত বাংলাদেশের মুক্তির সংগ্রাম প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। তাই মুজিবনগর আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে অন্যতম স্মৃতি স্তম্ভ এবং ১৭ই এপ্রিল এক মোড় ঘোরানো তারিখ। প্রত্যক্ষ লড়াইয়ের পরিনতি নির্ধারক দিন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গঠিত মুজিবনগর সরকারের নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্ত আর চার লাখের বেশি মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাঙ্গালি জাতি হাজার বছরের কাঙ্খিত বিজয় অর্জন করে। স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্থান করে নেয়।
মুজিবনগর সরকারের দূরদৃষ্টি সম্পন্ন ও দক্ষ নেতৃত্বে মাত্র ৯ মাসে বাংলাদেশ স্বাধীন হয়। এত কমসময়ে স্বাধীনতা অর্জন বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমগ্র বাঙ্গালি জনগোষ্ঠীকে স্বাধীনতার অগ্নিমন্ত্রে দিক্ষিত করে স্বাধীনতার যাত্রা মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন। তার সফল পরিনতি ঘটায় মুজিবনগর সরকার।
মুজিবনগর সরকারের পরিকল্পনায় মুক্তিবাহিনীর সদস্যরা পাকবাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করে। বিশেষকরে ৪ই ডিসেম্বর এ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যৌথভাবে ভারতীয় প্রধানমন্ত্রী বরাবরে আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জনের জন্য চিঠি লেখেন। যার পরিপ্রেক্ষিতে ৬ই ডিসেম্বর সোমবার, ভারতীয় সময় সকাল ১০.৩০ মিনিটে ভারত সরকার স্বাধীন ও স্বার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
একাত্তরের ১৭ই এপ্রিল মেহেরপুরের মুজিনগরে আমাদের প্রবাসী সরকারের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বলতম অধ্যায়। আর এই ইতিহাসের অন্যতম রূপকার সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামানের মতো অনন্যসাধারণ পুরুষগণ। তাদের হাতে গড়া মুজিবনগর সরকারই এনেছিল বাঙ্গালির স্বাধীনতার অরুনোদয়।
৫.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনায় ১৭ই এপ্রিলে গঠিত মুজিবনগর সরকার ছিল একটি বিপ্লবী সরকার। সে জন্য এ সরকারের দায়িত্ব ছিল অনেক বেশি। এ সরকারের নেতৃত্বকে হতে হয়েছিল সাহসী, বিচক্ষণ ও দূরদৃষ্টিসম্পন্ন। এ কারণে তারা বঙ্গবন্ধুর অনুপস্থিতি সত্ত্বেও স্বল্প সময়ের মধ্যে যুদ্ধে সাফল্য অর্জন করেন। ১৭ই এপ্রিল অগ্নি শপথে উজ্জীবিত হয়ে বাঙ্গালি ছুঁয়েছিল বিজয়ের সূর্যালোক। তাই এ দিনটি বারবার ফিরে আসে বাঙ্গালির অনন্ত প্রেরণার উৎস হয়ে।
বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত, আধুনিক, গণতান্ত্রিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সামনে এখন দিন বদলের সংগ্রাম। এই সংগ্রামের পথচলায় বাঙ্গালি জাতিকে আলোকবর্তিকার মতো পথ দেখাবে ১৭ই এপ্রিলের এই ঐতিহাসিক দিনটি। এটিই হোক আজকের প্রত্যয়।
লেখক: অধ্যক্ষ, শেরপুর সরকারি কলেজ, শেরপুর।
























